
ফরিদপুর সদরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের দায়ে ফিরোজ শেখ (৩৮) নামে এক ভ্যানচালককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
রোববার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁকে জেলা কারাগারে নেওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর বাড়ি ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের একটি গ্রামে। ২০২৪ সালের ২২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের একটি চায়ের দোকানে চাপাতা কিনতে যান তিনি। ফেরার পথে রাস্তা থেকে তাঁকে তুলে নিয়ে একটি ফসলের খেতে ধর্ষণ করেন ফিরোজ শেখ।
এ ঘটনায় ওই নারীর বাবা ২০২৪ সালের ২৭ এপ্রিল ফিরোজ শেখকে একমাত্র আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করেন থানার উপপরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস। তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ অক্টোবর ফিরোজের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূইয়া বলেন, বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ ভুক্তভোগীকে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এরপর আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেন। জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।


