
গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের সহিংসতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। দেশের কোথাও অস্থিরতা বা নাশকতার চেষ্টা হলে তা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।
প্রয়োজনে প্রাণের বিনিময়েও পুলিশ দেশের সম্পদ রক্ষা করবে উল্লেখ করে তিনি বলেন, দেশের সম্পদ সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সব সময় প্রস্তুত রয়েছেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, কিছু শ্রমিক নামধারী ব্যক্তি নানা ধরনের পাঁয়তারা করছেন। তবে তাঁদের এসব চেষ্টা সফল হবে না।
সীমান্তের ওপারে কী ঘটছে, তা না জানলেও দেশের ভেতরের পরিস্থিতি সম্পর্কে সরকার অবগত রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


