
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতা একযোগে পদত্যাগ করেছেন। দলীয় কর্মকাণ্ড ও সাংগঠনিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষের কথা জানিয়ে তাঁরা নিজ নিজ পদের পাশাপাশি বিএনপির প্রাথমিক সদস্যপদও ছেড়ে দিয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজারে বোরহানের দোকানে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তাঁরা।
পদত্যাগকারীরা হলেন পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং ইউনিয়ন কমিটির সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।
সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে তাঁরা জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির বিভিন্ন সাংগঠনিক পদে থেকে দলের কার্যক্রমে যুক্ত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দলের কর্মকাণ্ড ও সাংগঠনিক পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এ কারণে স্বেচ্ছায় দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
লিখিত বক্তব্যে তাঁরা আরও বলেন, পদত্যাগের পর বিএনপির কোনো পর্যায়ের সাংগঠনিক দায়িত্বে তাঁরা আর থাকবেন না। একই সঙ্গে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
ছয় নেতার দাবি, পদত্যাগের সিদ্ধান্তের পেছনে কোনো ব্যক্তি বা পক্ষের চাপ কিংবা প্রভাব নেই। সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তেই তাঁরা স্বেচ্ছায় দল ছেড়েছেন। এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাতে সংবাদমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তাঁরা।
এদিকে একই ইউনিয়ন কমিটির ছয় নেতার একযোগে পদত্যাগের ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে। তাঁদের এ সিদ্ধান্তে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রমে কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়েও আলোচনা চলছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত পাটগাতী ইউনিয়ন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


