
খুলনার দৌলতপুরে সন্দেহভাজন মাদক কারবারি ও অস্ত্রধারীদের সঙ্গে এসআরবি ফোর্সের সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় এসআরবি সদস্যরা তিন রাউন্ড শটগানের গুলি ছোড়েন। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে নগরীর দৌলতপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা রোডসংলগ্ন কেডিএ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
এসআরবি-৬-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় অজ্ঞাতপরিচয় মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীরা অভিযান পরিচালনাকারী সদস্যদের বাধা দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সদস্যরা তিন রাউন্ড শটগানের গুলি ছোড়েন। একপর্যায়ে সন্দেহভাজন ব্যক্তিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেন অভিযান পরিচালনাকারীরা।
এসআরবি-৬ আরও জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।


