
খুলনার খালিশপুরের ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী ‘নাগরিক পরিচ্ছন্নতা মিশন-২০২৬’ শুরু হয়েছে। পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তোলা এবং নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা ও সামাজিক দায়িত্ববোধ বাড়াতে এ কর্মসূচি হাতে নিয়েছে সামাজিক সংগঠন নাগরিক উদ্যোগ।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় খালিশপুরের আর লাইন জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করা হয়।
‘আমাদের ওয়ার্ড, আমাদের দায়িত্ব, পরিবর্তনে সবাই একসঙ্গে’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থায়ী উদ্যোক্তা কমিটির সভাপতি সেলিম কাজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব শেখ আল রুবেল।
ছয় মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন এইচ এম আবু সালেক, খোদা বক্স কুরাইশি কাল্লু, মুনতাসির আল মামুন, আনোয়ার হোসেন শিমুল ও ডা. ইকবাল হোসেন।
এ সময় উদ্যোক্তা টিমের সদস্য ওয়ারিশ, শাহজাদা সনি, নজরুল ইসলাম ও অহিদুল আলম অহিদসহ নুরে আব্দুল্লাহ, শফিকুল ইসলাম বাবু, নাদিম আলী, মাসুম খান খোকন, হাবিবুর রহমান, হারুন হাওলাদার খোকা, রমজান আলী, যুবনেতা আল মামুন রনি, মঞ্জুর হোসেন, আল মামুন, শহিদুল ইসলাম, সাদ্দাম হোসেন, জাহাঙ্গির হোসেন, নুরুল হক, পারভেজ ও রিপন উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, এ কর্মসূচির মাধ্যমে ওয়ার্ডের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, পরিবেশদূষণ রোধে সচেতনতা বৃদ্ধি এবং এলাকাবাসীকে নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা রক্ষায় সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণে ১২ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য এলাকায় পরিণত করার প্রত্যাশা তাঁদের।


