
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবন লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের কে ডি ঘোষ রোডে ভবনের সামনের সড়ক থেকে সিঁড়ি লক্ষ্য করে বোমাটি ছোড়া হয়। বিস্ফোরণের পর সিঁড়িতে কিছুক্ষণ আগুন জ্বললেও পরে তা নিজে থেকেই নিভে যায়।
পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসেন। এরপর তাঁরা ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রলবোমাটি ছুড়ে দ্রুত সেখান থেকে চলে যান।
নগর ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সামনের সড়ক থেকে একটি বস্তু ভবনের দিকে ছুড়ে মারা হচ্ছে। সেটি সিঁড়িতে পড়ে বিস্ফোরিত হয়। পরে কিছুক্ষণের মধ্যে আগুন নিভে যায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বোমাটি নগর ভবনের সিঁড়িতে পড়ে বিস্ফোরিত হয়েছে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধু সিঁড়িতে সামান্য দাগ পড়েছে। মোটরসাইকেলে আসা দুই যুবক বোমাটি নিক্ষেপ করেছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


