সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ধারাবাহিক হত্যাকাণ্ড-চাঁদাবাজি, অপরাধ দমনে সাঁড়াশি অভিযান | চ্যানেল খুলনা

খুলনায় ধারাবাহিক হত্যাকাণ্ড-চাঁদাবাজি, অপরাধ দমনে সাঁড়াশি অভিযান

খুলনায় ধারাবাহিক হত্যাকাণ্ড, হামলা ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগের মধ্যে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে প্রশাসন। যৌথ বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি নগরী ও জেলার গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট, টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে খুলনা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার সাজ্জাদুর রহমান, এসআরবি-৬, জেলা পুলিশ, নৌপুলিশ, আর্মড পুলিশ, কোস্টগার্ড ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু হয়েছে। খুলনার মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তল্লাশিচৌকি বসানোর পাশাপাশি নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রয়োজনে ২০০ আনসার সদস্য মোতায়েন করা হবে।

নগরীর বিভিন্ন এলাকা, উপজেলা ও অপরাধপ্রবণ স্থান চিহ্নিত করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকেই এসব এলাকায় অভিযান ও নজরদারি শুরু হয়।

কেএমপি ও জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ২০ দিনে খুলনায় নয়টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে পাঁচটি নগরীতে এবং চারটি রূপসা ও ডুমুরিয়া উপজেলায়। চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত খুলনা নগরীতে ৩৯টি এবং জেলায় ৪০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

এদিকে ফার্মেসি ব্যবসায়ীদের ওপর হামলা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি ও খুলনার সাধারণ ওষুধ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসক ও কেএমপি কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়। নিরাপত্তার আশঙ্কায় ব্যবসায়ীরা স্মারকলিপি জমা দেওয়ার ছবি প্রকাশ করেননি। একই কারণে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পরিচয়ও গোপন রাখা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) নগরীর সাতরাস্তার মোড়ে বিএমএ ভবনের সামনে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেন বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টারের কর্মী ও স্বাস্থ্যকর্মীরা। জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে ড্যাব খুমেক শাখার সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মো. সালেহ পলাশ বলেন, খুলনায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে একের পর এক হামলার ঘটনা ঘটছে। চাঁদা দাবির কারণে অন্তত ১১ জন চিকিৎসক খুলনায় আসতে পারছেন না। তাঁদের কেউ দেশে, আবার কেউ বিদেশে অবস্থান করছেন। সামাজিক মর্যাদার কথা বিবেচনা করে অনেকে আপস করে অর্থ দিলেও প্রশাসনকে বিষয়টি জানাচ্ছেন না।

তিনি আরও বলেন, সাত দিনের মধ্যে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে এবং পরিস্থিতির উন্নতি না হলে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি পূর্ণ কর্মবিরতির কর্মসূচি দেওয়া হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রূপসা ট্রাফিক মোড়, শান্তিধামসহ ওষুধের দোকান ও বিপণিবিতান এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। নিরাপত্তাহীনতার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ টহল দিচ্ছে। নগরীতে প্রবেশের পথ এবং শহর থেকে বিভিন্ন উপজেলায় যাওয়ার সংযোগ সড়কেও নজরদারি বাড়ানো হয়েছে।

কেএমপির উপপুলিশ কমিশনার রেজাউর রহমান বলেন, অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। নগরীর প্রবেশপথে চেকপোস্ট বসানোর পাশাপাশি নিয়মিত টহল বাড়ানো হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় ‘দুরন্ত উৎসব-২০২৭’, শুরু হয়েছে রেজিস্ট্রেশন

খুলনায় শুরু হলো ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা

‘নতুন কুঁড়ি’ তরুণদের ক্রীড়াকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ তৈরি করবে: রকিবুল ইসলাম

প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে নিউ মার্কেট ও বাস টার্মিনাল পরিদর্শনে কেডিএ চেয়ারম্যান

খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দাওয়াতি মাসের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন

প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে পরিচ্ছন্নতা ও সড়ক সংস্কারের নির্দেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।