
সুন্দরবনে কোস্ট গার্ড ও বন বিভাগের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস, ৮টি পা, ২টি মাথা ও ২টি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কোন ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। রবিবার সকাল ৬টার দিকে সুন্দরবনের বজবজা বন টহল ফাঁড়ির অধীনস্থ ঝাপঝপিয়া খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব হরিণের মাংস ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ওই এলাকা থেকে ২৮ কেজি হরিণের মাংস, ৮টি পা, ২টি মাথা ও ২টি হরিণের চামড়া জব্দ করা হয়েছে। এ ঘটনায় বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু রাড়ৈ বাদী হয়ে বন্যপ্রাণী আইনে মামলা দায়ের করেছেন। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান জানান, উদ্ধারকৃত হরিণের মাংস, পা ও মাথা আদালতের অনুমতিক্রমে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।


