
খুলনা মহানগর ছাত্রদলের নাম ও পরিচয় ব্যবহার করে নগরীর বিভিন্ন স্থানে অনৈতিক ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে। এসব কাজে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
খুলনা মহানগর ছাত্রদলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নগরবাসী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ও স্বার্থান্বেষী ব্যক্তি সংগঠনের নাম ব্যবহার করে নগরীর বিভিন্ন এলাকায় নেতিবাচক ও অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। এর মাধ্যমে তারা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে খুলনা মহানগর ছাত্রদলের কোনো পর্যায়ের নেতাকর্মীর সম্পৃক্ততা নেই বলে বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে।
বিবৃতিতে নগরবাসীকে সতর্ক করে বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী খুলনা মহানগর ছাত্রদলের নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা দাবি, চাঁদাবাজি কিংবা ভয়ভীতি প্রদর্শন করলে তাদের কথায় বিভ্রান্ত না হতে হবে। এ ধরনের ঘটনার মুখোমুখি হলে দ্রুত নিকটস্থ থানায় জানানোর অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
এ ছাড়া সংগঠনের নাম ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টায় জড়িত ব্যক্তিদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, খুলনা মহানগর ছাত্রদল জনগণের জানমালের নিরাপত্তা এবং সুস্থ ধারার ছাত্ররাজনীতিতে বিশ্বাসী। ভবিষ্যতে সংগঠনের নাম ব্যবহার করে কেউ যাতে কোনো ধরনের অপকর্ম করতে না পারে, সে বিষয়ে তারা কঠোর অবস্থানে থাকবে।


