
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত খুলনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এম এ রিয়াজ কচিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে দিঘলিয়া উপজেলায় নিজ বাড়ির ছাদ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রিয়াজ কচির বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে বাড়ির ছাদে গিয়ে আত্মগোপন করেন। পরে সেখান থেকে তাঁকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাঁকে দিঘলিয়া থানার হাজতে রাখা হয়। শনিবার (১৪ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


