
খুলনার ডুমুরিয়ায় কম দামে সিলিং ফ্যান বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে সাইফুল ইসলাম (৫০) নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পাটকেলপোতা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাইফুল ইসলাম বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার শেখ ইকরাম উদ্দিনের ছেলে। হামলায় তাঁর গলা ও নাক গুরুতর জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
সাইফুলের ভাষ্য অনুযায়ী, একটি প্রতারক চক্র তাঁকে জানায়, ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় সিলিং ফ্যান তৈরির কারখানা রয়েছে। সেখান থেকে কম দামে ফ্যান কেনা যাবে। এ প্রলোভনে পড়ে তিনি বাগেরহাট থেকে মোটরসাইকেলে ডুমুরিয়ার উদ্দেশে রওনা হন। আলী ও মহাসীন নামের দুই ব্যক্তি তাঁকে মোটরসাইকেলে করে সেখানে নিয়ে আসেন।
স্থানীয় সূত্র জানায়, গুটুদিয়া ওয়াপদার মাথা থেকে শলুয়া সড়কে প্রবেশের পর প্রায় এক কিলোমিটার দূরে পাটকেলপোতা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাঁদের মোটরসাইকেলের পথ আটকে দেয়। এরপর সাইফুলকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। তাঁর গলা ও নাকে আঘাত করে সঙ্গে থাকা ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
আহত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকা সাইফুলকে দেখতে পান গুটুদিয়া গ্রামের ভ্যানচালক মোহাম্মদ আলী। পরে তিনি দ্রুত তাঁকে ভ্যানে করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে সাংবাদিকদের কাছে সাইফুল ইসলাম বলেন, বাগেরহাট থেকে আলী ও মহাসীন নামের দুই ব্যক্তি তাঁকে মোটরসাইকেলে করে ডুমুরিয়ায় নিয়ে আসেন। হামলার পর তাঁদের আর খুঁজে পাননি তিনি। কম দামে ফ্যান কেনার কথা বলে তাঁকে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছে বলে জানান তিনি।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খন্দকার হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। আহত ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


