
খুলনা নগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) ভোরে পুলিশ ক্যাম্পের সামনেই এ ঘটনা ঘটে। স্থানীয়দের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ফাহাদ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক ফাহাদ নগরীর শেখপাড়া এলাকার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৩টা থেকে সোয়া ৪টার মধ্যে মোটরসাইকেলে করে দুই যুবক শিববাড়ি মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভের সামনে আসেন। তাঁদের একজন বোতলে থাকা পেট্রোল স্তম্ভের গায়ে ছিটিয়ে আগুন ধরানোর চেষ্টা করেন। বিষয়টি আশপাশের লোকজনের নজরে এলে তাঁরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
পরে স্তম্ভের গায়ে আগুনের চিহ্ন ও আগুন দেওয়ার চেষ্টার স্থানে পোড়া দাগ দেখা যায়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বুধবার ভোর সোয়া ৪টার দিকে দুই থেকে তিনজন যুবক জুলাই স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।


