
খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী-১ রেজাউল ইসলামের কার্যালয়ে অভিযান চালিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে খুলনা ওয়াসা ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।
দুদক ও ওয়াসা সূত্রে জানা গেছে, খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্প ফেজ-২-এর রুটিন দায়িত্বে প্রকল্প পরিচালক থাকাকালে রেজাউল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। ২০২৫ সালে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রকল্প পরিচালকের দায়িত্ব পাওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ পদে নিয়োগ পেতে একটি প্রভাবশালী মহলকে প্রায় ৯০ কোটি টাকার ফাঁকা চেক দেওয়ার অভিযোগ উঠেছে। পরে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে প্রকল্প পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
এ ছাড়া গত ২৭ সেপ্টেম্বর খুলনা ওয়াসার পাঁচ হাজার গ্রাহকের গৃহসংযোগে পাইপ ও ফিটিংস স্থাপনের কাজের চূড়ান্ত বিল জমা দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠে। একই সংযোগের বিপরীতে দ্বিতীয়বার বিল জমা দেওয়ার অভিযোগে রেজাউল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এসব অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদ ফজল বলেন, রেজাউল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন রেজাউল ইসলাম। তিনি বলেন, অভিযোগগুলো সঠিক নয় এবং কারণ দর্শানোর নোটিশের যথাযথ জবাব দেবেন।


