
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) একটি শ্রেণিকক্ষের সিলিংয়ের অংশ ভেঙে পড়ে আহত হয়েছেন প্রথম বর্ষের শিক্ষার্থী তাসলিমা তাপসি। বুধবার সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য আদ-দ্বীন মেডিকেলে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, পরীক্ষা দেওয়ার জন্য তাঁরা বিশ্ববিদ্যালয়ের টিনশেডের একটি কক্ষে বসেছিলেন। এ সময় সিলিং ফ্যান চালু করার সঙ্গে সঙ্গে কক্ষের ছাদের সিলিংয়ের একটি অংশ খুলে তাসলিমা তাপসির মাথার ওপর পড়ে। এতে তিনি আহত হন। এ ঘটনায় ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শিক্ষার্থীদের অভিযোগ, ওই শ্রেণিকক্ষের ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে আগেও সংশ্লিষ্টদের জানানো হয়েছিল। কিন্তু অভিযোগ জানানোর পরও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য অনুযায়ী, কক্ষটির মালিকপক্ষকে একাধিকবার বিষয়টি জানানো হয়েছিল। তবে তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষটি দ্রুত সংস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।


