সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জলবায়ু পরিবর্তনে কমছে ঘুম, বছরে ৮৪ ঘণ্টা পর্যন্ত ঘুম হারাচ্ছেন বাংলাদেশের মানুষ | চ্যানেল খুলনা

জলবায়ু পরিবর্তনে কমছে ঘুম, বছরে ৮৪ ঘণ্টা পর্যন্ত ঘুম হারাচ্ছেন বাংলাদেশের মানুষ

জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর শুধু পরিবেশ ও আবহাওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই; এটি সরাসরি মানুষের স্বাভাবিক জীবনযাত্রায়ও আঘাত হানছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে রাতের উষ্ণতা বেড়ে যাওয়ায় মানুষের ঘুমের সময় ও গভীরতা কমে যাচ্ছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের বড় শহরগুলোর বাসিন্দারা বছরে গড়ে ৭২ থেকে ৮৪ ঘণ্টা পর্যন্ত ঘুম হারাচ্ছেন।

আন্তর্জাতিক গবেষণা সংস্থা ক্লাইমেট সেন্ট্রাল–এর এক গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে উষ্ণ অঞ্চলে বসবাসকারী শিশু, বয়স্ক এবং নিম্ন আয়ের মানুষরা এই সমস্যায় সবচেয়ে বেশি ভুগছেন।

গবেষণার তথ্য অনুযায়ী, ১৯৭০ থেকে ১৯৭৫ সালের মধ্যে অতিরিক্ত গরমের কারণে একজন মানুষ বছরে গড়ে প্রায় দুই ঘণ্টা ঘুম হারাতেন। কিন্তু বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে এই ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে বছরে প্রায় পাঁচ ঘণ্টায়। বিশ্বের ১ হাজার ৩৩৮টি শহরের ওপর পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, প্রায় ১ হাজার ৩৩৫টি শহরেই জলবায়ু পরিবর্তনের কারণে ঘুমের ক্ষতি অন্তত দ্বিগুণ হয়েছে। এর মধ্যে প্রায় ৮৪০টি শহরে ঘুম হারানোর পরিমাণ তিন গুণ পর্যন্ত বেড়েছে।

বাংলাদেশের শহরগুলোতে উদ্বেগজনক চিত্র

গবেষণায় বাংলাদেশের বিভিন্ন বড় শহরের ঘুম হারানোর যে চিত্র উঠে এসেছে, তা উদ্বেগজনক। সবচেয়ে বেশি ঘুম কমছে বন্দরনগরী চট্টগ্রামে। সেখানকার মানুষ বছরে গড়ে প্রায় ৮৪ ঘণ্টা ঘুম হারাচ্ছেন। শিল্পাঞ্চল অধ্যুষিত খুলনায় এই হার বছরে প্রায় ৭৯ ঘণ্টা। এছাড়া রাজধানী ঢাকা ও শিক্ষা নগরী রাজশাহীতে মানুষ গড়ে ৭৬ ঘণ্টা করে ঘুম হারাচ্ছেন। ঢাকার এলাকাভেদেও এই পার্থক্য দেখা গেছে। গবেষণার তথ্য অনুযায়ী, রাজধানীর পল্লবী এলাকায় বসবাসকারীরা বছরে গড়ে ৭৭ ঘণ্টা এবং মোহাম্মদপুর এলাকার বাসিন্দারা প্রায় ৭৩ ঘণ্টা ঘুম হারাচ্ছেন।
অন্যদিকে গাজীপুর ও কুমিল্লায় বছরে প্রায় ৭৪ ঘণ্টা এবং রংপুরে প্রায় ৭২ ঘণ্টা ঘুম কমে যাচ্ছে।

স্বাস্থ্যের জন্য বড় হুমকি

বিশেষজ্ঞদের মতে, ঘুম শুধু শরীরের বিশ্রামের বিষয় নয়; এটি মানুষের মানসিক সুস্থতা, কর্মক্ষমতা, মনোযোগ এবং রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ঘুম না হলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, মানসিক চাপ, উদ্বেগ, স্মৃতিশক্তি দুর্বল হওয়া এবং বিভিন্ন দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়তে পারে। তাদের মতে, রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ায় শরীরের স্বাভাবিক ঘুমের প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। বিশেষ করে শহরাঞ্চলে কংক্রিটের আধিক্য, সবুজ কমে যাওয়া এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে ‘আরবান হিট’ বা নগর তাপমাত্রা আরও বাড়ছে।

সবুজায়ন ও পরিকল্পিত নগরায়ণের তাগিদ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়েও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে দ্রুত সবুজায়ন, পর্যাপ্ত গাছ লাগানো, জলাধার সংরক্ষণ, পরিকল্পিত নগর উন্নয়ন এবং তাপ সহনশীল অবকাঠামো গড়ে তোলা জরুরি।

বিশেষজ্ঞদের সতর্কবার্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে মানুষের স্বাস্থ্য, ঘুম ও জীবনযাত্রার ওপর এর প্রভাব আরও গভীর হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার

বায়ুদূষণে প্রতিদিন ঝরে ২৪২ প্রাণ

ম্যানিলায় বড় পরীক্ষার মুখে জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল

জলবায়ু পরিবর্তন ও ফুলের সংকটে বিপর্যস্ত মৌয়ালরা; বাড়ছে ভেজাল মধুর দৌরাত্ম্য

জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির ২৬ সদস্যের নির্বাহী কমিটি গঠন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৪০ সদস্যের এনসিইসিসি কমিটি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।