
জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন ও অভিযোজনসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আগামী ১২ নভেম্বর বক্তব্য দেবেন তিনি।
আগামী ১১ ও ১২ নভেম্বর সম্মেলনের গুরুত্বপূর্ণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়নের বিষয়ও গুরুত্ব পাবে।
নবনিযুক্ত পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী গত সোমবার ঢাকায় সাংবাদিকদের জানান, সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হচ্ছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
পররাষ্ট্রসচিব বলেন, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও জলবায়ু সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। আলোচনার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ। অথচ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। এ কারণে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, অভিযোজনের জন্য অর্থায়ন, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার।
জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরার বিষয়ে পররাষ্ট্রসচিব বলেন, আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ এসব তথ্য উপস্থাপন করে সচেতনতা ও সহযোগিতা বাড়ানোর চেষ্টা করে। ক্ষয়ক্ষতির হিসাব পদ্ধতিতে ভিন্নতা থাকলেও আন্তর্জাতিক পরিসরে তা তুলে ধরা দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ।
সম্মেলনে জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশের সাফল্যও তুলে ধরা হবে। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে বিনিময় করা হবে।
কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের উদ্যোগে একটি পাট প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। সেখানে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। পাট ও পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে যৌথ ঘোষণা দেওয়ার বিষয়টিও বিবেচনাধীন রয়েছে।
এ ছাড়া ১২ ও ১৩ নভেম্বর সম্মেলনের ব্লু জোনে দুটি সাইড ইভেন্ট আয়োজন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটিতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের নারীদের বিশেষ ঝুঁকি নিয়ে আলোচনা হবে। অন্যটিতে কৃত্রিম পলিমারের বিকল্প হিসেবে পচনশীল ও বর্জ্যমুক্ত পাটজাত পণ্যের প্রসারে বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরা হবে।
পররাষ্ট্রসচিব জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও অংশীজনের সঙ্গে আলোচনা এবং আন্তমন্ত্রণালয় পরামর্শের ভিত্তিতে সম্মেলনে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রমে পরিবেশ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে দেশের অবস্থান আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে। প্রতিনিধি দলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, এসডিজিবিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএএম সালেহ শিবলী এবং উপপ্রেস সচিব হাসান শিপলু।
জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কনফারেন্স অব দ্য পার্টিজ বা কপে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ নিয়ে বিভিন্ন দেশ আলোচনা করে। এবারের সম্মেলনে তুরস্ক সভাপতিত্ব করছে এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক আলোচনার সভাপতির দায়িত্ব পালন করছে।
প্রধানমন্ত্রীর আগামী শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে।


