যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আর চরম আবহাওয়ার ক্ষয়ক্ষতি বাড়ার মধ্যে তুরস্কের ভূমধ্যসাগরীয় শহর আন্তালিয়ায় আজ শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১। ২০ নভেম্বর পর্যন্ত চলা এ সম্মেলনে প্রায় ২০০ দেশের সরকারি প্রতিনিধি, বিশ্বনেতা, বিজ্ঞানী ও জলবায়ুকর্মীসহ এক লাখ মানুষ অংশ নিচ্ছেন।
আলোচনায় বড় প্রশ্ন দুটি—জলবায়ুর অভিঘাত সামলাতে ঝুঁকিতে থাকা দেশগুলো কতটা অর্থ পাবে, আর কয়লা, তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমাতে দেশগুলো কী পদক্ষেপ নেবে। বাংলাদেশ অভিযোজন ও জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় অনুদান বাড়ানোর দাবি জানাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ১১ ও ১২ নভেম্বর বিশ্বনেতাদের শীর্ষ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।
সম্মেলনের আগে বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে বিদায়ী জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জলবায়ু সংকট মোকাবিলায় বর্তমান পরিস্থিতিকে ‘সত্যের মুখোমুখি হওয়ার মুহূর্ত’ বলে বর্ণনা করেছেন। তিনি বিশ্বনেতাদের আরও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশের দাবি অনুদান বাড়ানো, তহবিল পাওয়ার পথ সহজ করা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ৫ নভেম্বর ঢাকায় এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণের বোঝা না বাড়িয়ে অনুদান বাড়ানোর দাবি জানাবে বাংলাদেশ। জলবায়ু তহবিলের আবেদন ও অনুমোদনপ্রক্রিয়া সহজ করা এবং পরিচ্ছন্ন জ্বালানি ও জলবায়ু-সহনশীল প্রযুক্তি সাশ্রয়ী মূল্যে পাওয়াও বাংলাদেশের অগ্রাধিকার।
জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রক্রিয়ায় শ্রমিকের অধিকার, সামাজিক সুরক্ষা ও দক্ষতা উন্নয়নের ওপরও জোর দেবে বাংলাদেশ। নারী ও তরুণদের শোভন কর্মসংস্থান এবং স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে জলবায়ু উদ্যোগে অর্থায়নের বিষয়গুলোও দেশের অবস্থানে রয়েছে। এসব দাবি নিয়ে স্বল্পোন্নত দেশগুলোর জোট, জি-৭৭ ও সমমনা জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে সমন্বয় করবে বাংলাদেশ প্রতিনিধিদল।
এবার সম্মেলনের নেতৃত্বে দায়িত্ব ভাগ হয়েছে দুই দেশের মধ্যে। স্বাগতিক তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম সম্মেলনের সভাপতিত্ব করবেন। দেশগুলোর মধ্যে আনুষ্ঠানিক দর-কষাকষিতে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন।
অক্টোবরে ফিজির প্রস্তুতি বৈঠকে বোয়েন জানান, তিনি ও কুরুম সম্মেলনের মূল রাজনৈতিক সিদ্ধান্তের একটি খসড়া এগিয়ে নিতে একমত হয়েছেন। এতে বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়ানোর ঝুঁকি, দুর্যোগের আগাম সতর্কব্যবস্থার আওতা বাড়ানো এবং জলবায়ু অর্থায়ন পাওয়ার পথ সহজ করার বিষয়গুলো আসতে পারে।
গত বছরের কপ৩০-এ ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য অভিযোজন অর্থায়ন অন্তত তিন গুণ করার আহ্বান জানানো হয়েছিল। আন্তালিয়ায় প্রশ্ন হলো, সেই অর্থ কীভাবে জোগাড় হবে এবং বন্যার ঝুঁকি কমানো বা আগাম সতর্কব্যবস্থা গড়ে তোলার মতো কাজে ঝুঁকিতে থাকা দেশগুলো কীভাবে তা পাবে।
জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) হিসাবে, জলবায়ুর অভিঘাতের সঙ্গে খাপ খাওয়াতে ২০৩৫ সাল নাগাদ উন্নয়নশীল দেশগুলোর বছরে প্রায় ৩০ হাজার ৫০০ কোটি ডলার প্রয়োজন হবে। অথচ ২০২৪ সালে উন্নত দেশগুলোর সরকারি উৎস থেকে এসেছে ২ হাজার ৮২০ কোটি থেকে ৩ হাজার ১৭০ কোটি ডলার। অর্থায়ন তিন গুণ করার লক্ষ্য পূরণ হলেও, ইউএনইপির হিসাবে, তাতে প্রয়োজনের ২০ থেকে ২৯ শতাংশ মিটবে।
পরিবহন ও শিল্পে সরাসরি তেল-গ্যাস পোড়ানোর বদলে বিদ্যুতের ব্যবহার বাড়ানো এবারের সম্মেলনে তুরস্কের অন্যতম অগ্রাধিকার। বিশ্বে মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ এখন প্রায় ২১ শতাংশ। ২০৩৫ সালের মধ্যে তা ৩৫ শতাংশে নেওয়ার লক্ষ্য সামনে এনেছে তুরস্ক। এ জন্য নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ সঞ্চালন ও সংরক্ষণব্যবস্থায় বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও আলোচনায় রয়েছে।
সম্মেলনের আগে তুরস্ক ২০৪০ সাল পর্যন্ত জ্বালানি পরিকল্পনা প্রকাশ করেছে। এতে সৌর ও বায়ুবিদ্যুৎ বাড়ানোর কথা বলা হয়েছে। তবে দেশটির জ্বালানিমন্ত্রী আলপারসলান বায়রাকতার বলেছেন, সরবরাহের নিরাপত্তার জন্য কয়লা এখনো দরকার। এদিকে কপ৩০-এর সভাপতি দেশ হিসেবে ব্রাজিল জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর একটি আন্তর্জাতিক রূপরেখা প্রকাশ করেছে। দেশগুলো স্বেচ্ছায় এ রূপরেখা অনুসরণ করতে পারে।
বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়লে পার্বত্য অঞ্চলে কী প্রভাব পড়বে, তা আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে তোলার প্রস্তাব দিয়েছে নেপাল। আফ্রিকার দেশগুলোর জোটও জলবায়ু নীতির আওতায় একতরফাভাবে আরোপ করা বাণিজ্য পদক্ষেপ নিয়ে আলোচনা চায়। এ বিতর্কের পটভূমিতে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের কার্বন সীমান্ত সমন্বয়ব্যবস্থা (সিবিএএম)। এর আওতায় নির্দিষ্ট পণ্য উৎপাদনের সময় যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়, তার ভিত্তিতে আমদানিকারকের ওপর খরচ আরোপ করা হয়।


