সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
COP31 সম্মেলনে AMI উদ্যোগে ২৬তম দেশ হিসেবে বাংলাদেশের যোগদান | চ্যানেল খুলনা

COP31 সম্মেলনে AMI উদ্যোগে ২৬তম দেশ হিসেবে বাংলাদেশের যোগদান

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া রোধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ‘Ambition on Melting Ice’ (AMI) উদ্যোগে ২৬তম দেশ হিসেবে যোগ দিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত COP31 সম্মেলনের ভেন্যুতে এ উদ্যোগে বাংলাদেশের অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বাংলাদেশ সরকারের পক্ষে অন্তর্ভুক্তির ঘোষণাপত্রে স্বাক্ষর করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় AMI সেক্রেটারিয়েটের পরিচালক ড. প্যাম পিয়ারসন (Dr. Pam Pearson) উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বৈশ্বিক উষ্ণায়নের ফলে হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাওয়া এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো দীর্ঘমেয়াদি জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ এ উদ্যোগে যুক্ত হয়েছে। হিমবাহের বরফ গলন রোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলা এবং বৈশ্বিক জলবায়ু সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি বলেন, AMI উদ্যোগে বাংলাদেশের অন্তর্ভুক্তি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার বহিঃপ্রকাশ। বিশেষ করে হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং এর ফলে উপকূলীয় ও নিম্নাঞ্চলের জনগোষ্ঠীর ওপর সৃষ্ট বহুমাত্রিক ঝুঁকির বিষয়গুলো আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

বৈশ্বিক উষ্ণায়নের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে হিমবাহ ও বরফস্তরের দ্রুত পরিবর্তন জলবায়ু ব্যবস্থার ভারসাম্য, পানিসম্পদের প্রাপ্যতা, জীববৈচিত্র্য এবং দীর্ঘমেয়াদি পরিবেশগত নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। একই সঙ্গে মেরু অঞ্চলের স্থলভাগের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উপকূলবর্তী ও নিম্নভূমির দেশগুলো ক্রমবর্ধমান ঝুঁকির সম্মুখীন হচ্ছে। ঘনবসতিপূর্ণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের জন্য এ পরিস্থিতি বিশেষ উদ্বেগের কারণ।

AMI উদ্যোগে যোগদানের মাধ্যমে হিমবাহের বরফ গলন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পারস্পরিক সম্পর্ক, এর বৈশ্বিক ও আঞ্চলিক প্রভাব এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ সুরক্ষার বিষয়গুলোতে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশের ভূমিকা আরও বিস্তৃত হবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনো একটি দেশ বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়। পৃথিবীর মেরু অঞ্চল ও পার্বত্য হিমবাহে সংঘটিত পরিবর্তন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশ, অর্থনীতি ও জনজীবনে প্রভাব ফেলে। এ সংকট মোকাবিলায় বৈশ্বিক সমন্বিত উদ্যোগ, বিজ্ঞানভিত্তিক নীতিনির্ধারণ, কার্যকর প্রশমন ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরে আসছে। AMI উদ্যোগে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বৈশ্বিক জলবায়ু সুরক্ষার বৃহত্তর প্রচেষ্টায় বাংলাদেশের সম্পৃক্ততা আরও সম্প্রসারিত হলো।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণ বৈশ্বিক জলবায়ু সংহতি জোরদারের পাশাপাশি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর উদ্বেগ ও অগ্রাধিকার আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে হিমবাহ ও বরফাঞ্চল সংরক্ষণ, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব হ্রাস এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশের অঙ্গীকার আরও সুস্পষ্ট হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

COP31 সম্মেলনে AMI উদ্যোগে ২৬তম দেশ হিসেবে বাংলাদেশের যোগদান

কপ-৩১ সম্মেলনে জলবায়ু সহনশীলতায় ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ: পরিবেশমন্ত্রী

জলবায়ু অভিযোজনে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ

কপ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. সাইমুম পারভেজ

কপ-৩১ কর্মপরিকল্পনায় বিদ্যুতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার

কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে ১২ নভেম্বর বাংলাদেশের বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।