জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে সর্বোচ্চ ৩০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের জন্য নির্বাচিত করেছে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ)। এ অর্থ দিয়ে উপকূলীয় সুরক্ষা জোরদার, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ চলাকালে এ ঘোষণা দেয় সিআইএফ। সংস্থাটির নতুন প্রজন্মের জলবায়ু সহনশীলতা কর্মসূচি ‘অ্যারাইজ’-এর প্রথম পর্যায়ে বাংলাদেশসহ পাঁচটি দেশ এবং একটি আঞ্চলিক প্রকল্পকে নির্বাচিত করা হয়েছে।
অ্যারাইজের পূর্ণ নাম ‘অ্যাক্সিলারেটিং রেজিলিয়েন্স ইনভেস্টমেন্টস অ্যান্ড ইনোভেশনস ফর সাসটেইনেবল ইকোনমিজ’। এ কর্মসূচির আওতায় প্রতিটি নির্বাচিত দেশ সর্বোচ্চ ৩০ মিলিয়ন ডলার অর্থায়নের জন্য বিনিয়োগ পরিকল্পনা তৈরি করতে পারবে। আর আঞ্চলিক প্রকল্পের জন্য সর্বোচ্চ ৪০ মিলিয়ন ডলার চাওয়া যাবে।
বাংলাদেশ ছাড়াও প্রথম পর্যায়ে নির্বাচিত হয়েছে কিরগিজ প্রজাতন্ত্র, হাইতি, মরক্কো ও সিয়েরা লিওন। পাশাপাশি মালাউই ও মোজাম্বিককে নিয়ে একটি আঞ্চলিক কর্মসূচি নেওয়া হয়েছে।
সিআইএফ জানিয়েছে, এ কর্মসূচির জন্য বিভিন্ন দেশ থেকে ৭০০ মিলিয়ন ডলারের বেশি সম্ভাবনাময় বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। এর মধ্যে ২৫টি প্রস্তাবকে বিনিয়োগের উপযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। কৃষি ও খাদ্যব্যবস্থা, পানির নিরাপত্তা, অবকাঠামো, জ্বালানি, উপকূলীয় সুরক্ষা, সামুদ্রিক অর্থনীতি, প্রাকৃতিক সম্পদ এবং সামাজিক সুরক্ষার মতো খাতে এসব বিনিয়োগের সুযোগ রয়েছে।
বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বৃহস্পতিবার জলবায়ু সম্মেলনে এক অনুষ্ঠানে বলেন, সিআইএফের অ্যারাইজ কর্মসূচির প্রথম পর্যায়ের অংশীদার দেশগুলোর একটি হতে পেরে বাংলাদেশ স্বাগত জানাচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের লক্ষ্য এমন একটি জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলা, যেখানে অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা পাশাপাশি এগিয়ে যাবে।
অ্যারাইজ কর্মসূচির মাধ্যমে এ লক্ষ্য বাস্তবায়নে উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, বড় পরিসরে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য অভিযোজনমূলক বিনিয়োগ নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
সিআইএফ জানায়, গত বছর কপ৩০-এ অ্যারাইজ কর্মসূচি চালু করা হয়। শুরুতে জার্মানি, স্পেন ও আয়ারল্যান্ড এ কর্মসূচিতে ১০০ মিলিয়ন ডলারের বেশি অর্থায়নের প্রতিশ্রুতি দেয়।
সম্প্রতি যুক্তরাজ্যও এ উদ্যোগে যুক্ত হয়েছে। দেশটি আগামী কয়েক বছরে সিআইএফের বিদ্যমান জলবায়ু সহনশীলতা কর্মসূচির বিনিয়োগ থেকে ফেরত পাওয়া অর্থের সর্বোচ্চ ১২৮ মিলিয়ন ডলার অ্যারাইজে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সিআইএফের প্রধান নির্বাহী কর্মকর্তা তারিয়ে গবাদেসেগিন বলেন, উন্নয়নশীল দেশগুলো খাদ্য, পানি, বিদ্যুৎ, বন ও উপকূল রক্ষায় জরুরি ভিত্তিতে বাস্তবায়নযোগ্য ৭০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ প্রস্তাব দিয়েছে।
তিনি বলেন, নির্বাচিত দেশগুলোকে জার্মানি, স্পেন ও আয়ারল্যান্ডের সহায়তায় প্রয়োজনীয় অর্থায়ন দেওয়া হবে। পাশাপাশি যুক্তরাজ্যের নতুন অর্থায়নের সিদ্ধান্ত জলবায়ু সহনশীলতা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।
গবাদেসেগিন আরও বলেন, যেসব দেশের প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি রয়েছে, তাদের সহায়তা দিতে ভবিষ্যতে আরও অর্থায়ন সংগ্রহ করা হবে।
এশীয় উন্নয়ন ব্যাংকের জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিভাগের কৌশল ও অংশীদারত্ব বিভাগের পরিচালক নোয়েল ও’ব্রায়েন বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অ্যারাইজ গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।
বাংলাদেশ ও কিরগিজ প্রজাতন্ত্র নির্বাচিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এসব দেশের সঙ্গে কাজ করে জলবায়ু সহনশীলতা বাড়াতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে এডিবি।
অন্যদিকে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক মন্ত্রী রিম আলাবালি রাদোভান বলেন, জলবায়ু সহনশীলতা সরকারি পরিকল্পনার অংশ করা এবং অবকাঠামোকে জলবায়ু ঝুঁকির উপযোগী করে গড়ে তোলা জরুরি। সিআইএফের অর্থায়নে ইতিমধ্যে ৬ কোটি ৫০ লাখ মানুষের জলবায়ু সহনশীলতা বাড়ানো সম্ভব হয়েছে।
তিনি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে বেসরকারি খাতের বিনিয়োগ আকৃষ্ট করার ওপর গুরুত্ব দেন।
সিআইএফের মতে, অ্যারাইজ কর্মসূচির মাধ্যমে স্বল্প সুদের ও সহজ শর্তের অর্থায়ন কৌশলগতভাবে ব্যবহার করে সরকারি ও বেসরকারি খাতের বড় বিনিয়োগ আকৃষ্ট করা হবে। এর লক্ষ্য শুধু জলবায়ু ঝুঁকি মোকাবিলা নয়, বরং মানুষের জীবিকা সুরক্ষা, গুরুত্বপূর্ণ খাতগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা।


