
ঢালিউডের দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। সামাজিক মাধ্যমে একে অন্যকে কটাক্ষের পর এবার পরীমনির সিনেমার সাফল্য নিয়ে মন্তব্য করে জবাব দিয়েছেন অপু বিশ্বাস। পাল্টা সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে অপুকেও বিদ্রূপ করেছেন পরীমনি।
সাম্প্রতিক এ বিরোধের সূত্রপাত অপুর একটি মন্তব্যকে কেন্দ্র করে। পরীমনির সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা অপুর কাছে জানতে চান। জবাবে তিনি বলেন, শিল্পীদের সব সময় গোছানো জীবনযাপন করা উচিত। অপুর এ বক্তব্য ভালোভাবে নেননি পরীমনি।
এরপর ফেসবুক লাইভে এসে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার বারিশা হককে ইঙ্গিত করে নিজের মতামত তুলে ধরেন অপু। তিনি বলেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ইনফ্লুয়েন্সারের মধ্যে পার্থক্য রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে ইনফ্লুয়েন্সারদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়েও আপত্তি জানান এই অভিনেত্রী।
অপুর সেই ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করে তাকে কটাক্ষ করেন পরীমনি। তীর্যক মন্তব্যের পাশাপাশি অপুকে ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলেও বিদ্রূপ করেন তিনি।
এর জবাবে এবার গণমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন অপু বিশ্বাস। একটি অনুষ্ঠানে পরীমনির নাম সরাসরি উল্লেখ না করেই তার সিনেমার ক্যারিয়ার নিয়ে মন্তব্য করেন এই অভিনেত্রী। অপুর দাবি, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ। বাকি পাঁচটির কয়েকটি এখনো নির্মাণাধীন, আর সেগুলোও তেমন আলোচনায় আসেনি।
অপু বিশ্বাস বলেন, ‘যার ২৫টি সিনেমার মধ্যে ২০টি সিনেমাই ফ্লপ, পাঁচটি সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’
অপুর এমন মন্তব্যের পর সামাজিক মাধ্যমে পাল্টা পোস্ট দেন পরীমনিও। সেখানে সরাসরি নাম উল্লেখ না করলেও অপুকে ইঙ্গিত করে কটাক্ষ করেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী।
দুই অভিনেত্রীর এমন পাল্টাপাল্টি মন্তব্য নিয়ে শোবিজ অঙ্গনেও আলোচনা-সমালোচনা চলছে। কাজের বাইরে ব্যক্তিগত বিরোধ প্রকাশ্যে আসায় তারকাদের এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।


