
ঢাকাই শোবিজে ভালো অভিনয়ের চেয়ে তারকাদের ব্যক্তিগত জীবন ও নানা বিতর্ক বেশি আলোচনায় আসছে বলে আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তাঁর মতে, অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়া অনেক অভিনেত্রী আড়ালে থেকে যাচ্ছেন। অথচ তাঁদের কাজের চেয়ে অপ্রয়োজনীয় বিষয় নিয়েই মানুষের আগ্রহ বেশি।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে পছন্দের কয়েকজন অভিনেত্রীর নাম উল্লেখ করে তাঁদের অভিনয় ও ব্যক্তিত্বের প্রশংসা করেন ফারিয়া। তিনি লেখেন, বাংলাদেশের অনেক অভিনেত্রী আছেন, যাঁরা শুধু অভিনয় করেন; এর বাইরে অপ্রয়োজনীয় বিনোদন দেন না। তাই তাঁদের নিয়ে মানুষের আগ্রহও তুলনামূলক কম।
ফারিয়ার তালিকার শুরুতেই রয়েছে জয়া আহসানের নাম। অভিনয়, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি লেখেন, অভিনয়ের বাইরে জয়ার পোষ্য প্রাণী, গাছপালা ও বাগানবাড়ি নিয়ে সময় কাটানোর বিষয়টিও তাঁর ভালো লাগে। পাশাপাশি জয়ার ব্যাগ, ঘড়ি ও জামদানি সংগ্রহের কথাও উল্লেখ করেন তিনি।
এরপর সানজিদা প্রীতির অভিনয়ের প্রশংসা করেন ফারিয়া। ‘৬৯’ ও ‘স্পর্শের বাইরে’ সিরিজে তাঁর অভিনয় ভালো লেগেছে জানিয়ে ফারিয়া লেখেন, ক্যারিয়ারের শুরুর দিকে ‘কলিংবেল’ নামের একটি সিরিজে প্রীতির সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। তখন থেকেই তাঁকে স্বল্পভাষী ও মনোযোগী হিসেবে দেখেছেন তিনি।
নিজের সমসাময়িক অভিনেত্রী মৌসুমী হামিদকে নিয়ে ফারিয়ার প্রশংসা আরও আবেগপূর্ণ। তিনি লেখেন, মৌসুমীর অভিনয় দেখলে তাঁর নিজেরও সেভাবে অভিনয় করতে ইচ্ছা হয়। মৌসুমীকে অত্যন্ত পরিশ্রমী অভিনেত্রী উল্লেখ করে তাঁর অভিনয়দক্ষতারও প্রশংসা করেন ফারিয়া।
নাজিয়া হক অর্ষার অভিনয় নিয়েও মুগ্ধতা প্রকাশ করেন তিনি। ফারিয়ার ভাষায়, অভিনয় শুধু সংলাপের ওপর নির্ভর করে না; অনেক সময় চোখের অভিব্যক্তিও চরিত্রকে জীবন্ত করে তোলে। অর্ষার চোখের অভিনয়ের বিশেষ প্রশংসা করে তিনি জানান, কয়েক বছর আগে একটি নাটকে শিডিউল জটিলতার কারণে কাজ করতে পারেননি। পরে সেই চরিত্রে অর্ষার অভিনয় দেখে তাঁর মনে হয়েছিল, নিজে অভিনয় করলেও চরিত্রটির প্রতি এতটা সুবিচার করতে পারতেন না।
এ ছাড়া আফসান আরা বিন্দু, রুমানা রশীদ ঈশিতা, বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন আহমেদ, জাকিয়া বারী মম, সুমাইয়া শিমু ও নাজিফা তুষির নামও উল্লেখ করেন শবনম ফারিয়া। তাঁর মতে, এসব অভিনেত্রী অভিনয়দক্ষতার পাশাপাশি নিজেদের ব্যক্তিত্ব দিয়েও সুনাম অর্জন করেছেন।
পোস্টের শেষাংশে শোবিজের আলোচনার ধরন নিয়ে হতাশা প্রকাশ করেন ফারিয়া। তিনি লেখেন, ভালো অভিনয় করেন, মার্জিতভাবে কথা বলেন এবং ব্যক্তিত্বের পরিচয় দেন—এমন অনেক অভিনেত্রী দেশে রয়েছেন। অথচ তাঁদের কাজের পরিবর্তে কারও পোশাকের দাম কিংবা বিদেশে কেনাকাটা নিয়ে বেশি আলোচনা হয়। এতে মানুষের কাছে এমন ধারণা তৈরি হচ্ছে যে শোবিজে অপ্রয়োজনীয় বিষয় নিয়েই বেশি মাতামাতি হয়।


