
ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককের দূরত্ব দেড় হাজার কিলোমিটারের বেশি। বিমানে যেতে সময় লাগে প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা। এতটা পথ পাড়ি দিয়ে মাত্র কয়েক ঘণ্টা অবস্থান, একটি শো উপস্থাপনা এবং আবার ঢাকায় ফিরে আসা—এমন ব্যতিক্রমী সফরই সেরে এসেছেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ।
ঢাকা থেকে মেকআপ নিয়েই বিমানে চড়েন তিনি। ব্যাংককে পৌঁছে একই সাজ-পোশাকে উপস্থাপনা করেন একটি অনুষ্ঠান। এরপর রাতের ফ্লাইটে আবার ঢাকায় ফেরেন। পুরো সফরের নানা মুহূর্ত ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
মেকআপ নেওয়ার সময় ধারণ করা একটি ভিডিওতে মৌসুমী মৌ জানান, রাত সাড়ে ৮টায় মেকআপ নিচ্ছেন তিনি। রাত ২টায় তাঁর ফ্লাইট। ভোর সাড়ে ৫টায় ব্যাংককে পৌঁছানোর কথা। হোটেলে যেতে যেতে সকাল সাড়ে ৮টা বাজবে এবং সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা ছিল তাঁর উপস্থাপনা। বিকেল ৪টায় অনুষ্ঠান শেষ করে রাতের ফ্লাইটে ঢাকায় ফেরার পরিকল্পনা ছিল।
তবে যাত্রার আগমুহূর্তে পরিকল্পনায় পরিবর্তন আসে। বিমানে ওঠার ঘণ্টা দুয়েক আগে তিনি জানতে পারেন, অনুষ্ঠানটি সাড়ে ৯টার পরিবর্তে সকাল সাড়ে ৮টায় শুরু হবে। অর্থাৎ নির্ধারিত সময়ের আগেই তাঁকে হোটেলে পৌঁছাতে হবে। ফলে বাড়তি তাড়াহুড়োর মধ্যে পড়তে হয় এই উপস্থাপককে।
মৌসুমী মৌ। ছবি: উপস্থাপকের ফেসবুক
এই ব্যস্ত সফরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ঘুমের অভাব। আগের রাতেও ঘুমাতে পারেননি তিনি। এরপর দীর্ঘ যাত্রা ও অনুষ্ঠান সামলাতে হয়েছে তাঁকে। নিজেকে সতেজ রাখতে বারবার পানি ও ব্ল্যাক কফি পান করেছেন বলে জানান মৌসুমী।
এ ধরনের অভিজ্ঞতা অবশ্য তাঁর কাছে নতুন নয়। এর আগেও মাত্র ১০ ঘণ্টার জন্য থাইল্যান্ডে গিয়েছিলেন তিনি। উপস্থাপনাকে ভালোবাসেন বলেই এমন শারীরিক ধকলও স্বাভাবিকভাবে সামলে নেন বলে জানিয়েছেন মৌসুমী মৌ।


