সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কপ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. সাইমুম পারভেজ | চ্যানেল খুলনা

কপ৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. সাইমুম পারভেজ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অধিকার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে জলবায়ু অর্থায়নে ঋণের পরিবর্তে অনুদান, ন্যায্য জ্বালানি রূপান্তর, সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব পণ্যের বৈশ্বিক বাজার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১) চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী এবং কপ৩১-এ বাংলাদেশ প্রতিনিধিদলের ডেপুটি পার্টি হেড ড. সাইমুম পারভেজ।

তিনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত সামান্য হলেও জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে। তাই অভিযোজন, প্রশমন এবং লস অ্যান্ড ড্যামেজ তহবিলে অর্থায়ন বাড়ানোর দাবি জোরালোভাবে তুলে ধরছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়, এমন দেশগুলোর ওপর ঋণের বোঝা চাপিয়ে দেওয়া ন্যায়সংগত নয়। এ কারণে জলবায়ু অর্থায়ন অনুদানভিত্তিক হওয়া প্রয়োজন।

ড. সাইমুম পারভেজ বলেন, বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ), স্বল্পোন্নত দেশগুলোর জোট (এলডিসি) এবং বাংলাদেশ-ভুটান-নেপাল আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মিলিত দাবি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরছে।

কপ৩১-এ বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার ন্যায্য জ্বালানি রূপান্তর বা ‘জাস্ট ট্রানজিশন’ উল্লেখ করে তিনি বলেন, জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতি থেকে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক অর্থনীতিতে যেতে হবে। তবে এই পরিবর্তনের সময় বিদ্যমান শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা এবং নতুন সবুজ কর্মসংস্থান সৃষ্টি নিশ্চিত করাও জরুরি।

সরকারের পরিবেশ ও জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরে তিনি জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, মিথেন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে।

জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য তুলে ধরে তিনি বলেন, ঘূর্ণিঝড় ও বন্যার আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ, লবণসহিষ্ণু ফসলের চাষ এবং ভাসমান কৃষির মতো উদ্যোগ দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়িয়েছে। এসব অভিজ্ঞতা বিশ্বের অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য অনুসরণযোগ্য হতে পারে।

বিশ্ববাজারে পাট ও বায়োডিগ্রেডেবল পণ্যের সম্ভাবনা প্রসঙ্গে ড. সাইমুম পারভেজ বলেন, তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদল পাট ও প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ভবিষ্যতে কারিগরি সহযোগিতার সম্ভাবনাও তৈরি হয়েছে। এসব পণ্যের প্রচার ও প্রদর্শনের জন্য আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি প্যাভিলিয়ন স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও জানান, কার্বন বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে জাতীয় কার্বন বাজারের নীতিগত কাঠামো এবং কার্বন রেজিস্ট্রি প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। এর ফলে আন্তর্জাতিক কার্বন বাজার থেকে জলবায়ু অর্থায়নের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছে সরকার।

কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু অঙ্গীকারের গুরুত্বপূর্ণ প্রতিফলন উল্লেখ করে ড. সাইমুম পারভেজ বলেন, বাংলাদেশ শুধু জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে নয়, বরং জলবায়ু সহনশীল, উদ্ভাবনমুখী ও সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে বিশ্বদরবারে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়।

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং বাংলাদেশ প্রতিনিধিদলের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টায় জলবায়ু অর্থায়নে ন্যায্য অধিকার, অনুদানভিত্তিক সহায়তা, সবুজ কর্মসংস্থান এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ রক্ষায় বাংলাদেশ আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

কপ-৩১ কর্মপরিকল্পনায় বিদ্যুতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার

কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে ১২ নভেম্বর বাংলাদেশের বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

আন্তালিয়ায় আজ শুরু কপ৩১, জলবায়ু অর্থায়নে অনুদান চাইবে বাংলাদেশ

পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব প্রতিমন্ত্রীর

কপ ৩১ সামনে রেখে নগর জলবায়ু সহনশীলতা ও ন্যায্য রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান

জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।