
খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২৩০ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১৭৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৫২ জন চিকিৎসা নিচ্ছেন। জেলাভিত্তিক হিসাবে খুলনায় সর্বোচ্চ ৯৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, বাগেরহাটে ১৬, সাতক্ষীরায় ১৩, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, যশোরে ১৩, ঝিনাইদহে ২৪, মাগুরায় ছয়, নড়াইলে ১১, কুষ্টিয়ায় সাত, চুয়াডাঙ্গায় সাত এবং মেহেরপুরে আটজন নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩ জানুয়ারি থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে মোট ১৬ হাজার ৮২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ৬ হাজার ৪৭৩ জন আক্রান্ত হয়েছেন খুলনা জেলায়।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১৫ হাজার ২৭৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৭৫ জন। এ ছাড়া ৪০৩ জন রোগীকে উন্নত চিকিৎসা বা প্রয়োজনীয় ব্যবস্থাপনার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।


