
খুলনায় বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি-সুবর্ণজয়ন্তী, শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালার সমাপনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) শিশু একাডেমির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হুরে জান্নাত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, শিশুদের মেধা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার গুরুত্ব অনেক বেশি। শিশুরা উপযুক্ত হয়ে গড়ে উঠলেই আগামীর বাংলাদেশ সমৃদ্ধ হবে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী একজন শিশু-বান্ধব মানুষ। তাঁরই নির্দেশনায় শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশে বড় পরিসরে ‘নতুন কুঁড়ি’-সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন শুরু হয়েছে। জেলা প্রশাসক আরো বলেন, শিশুদের সাংস্কৃতিক কর্মকা-ে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করতে খুলনা জেলা শিশু একাডেমির জন্য মানসম্মত ভবন প্রয়োজন। অডিটোরিয়াম-সহ নিজস্ব ভবন নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দীকা, শিশু একাডেমির পরিচালনা কমিটির সদস্য সৈয়দা রেহানা ঈসা-সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশুরা ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস স্বাগত বক্তৃতা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।


