
খুলনা মহানগরীতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানা, নিয়মিত মামলা ও বিভিন্ন আইনে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) কেএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার (২২ নভেম্বর) মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে কেএমপির আটটি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান পরিচালনা করে।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানায় আটক করা হয়েছে চারজনকে। নিয়মিত মামলায় দুজন, অন্যান্য আইনে সাতজন এবং খুলনা মহানগর অধ্যাদেশে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সামারি ট্রায়ালে সাতজনকে আটক করা হয়েছে।
সব মিলিয়ে অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মহানগর এলাকায় যেকোনো অপরাধ ও অপরাধী সম্পর্কে নিকটস্থ থানায় তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কেএমপি।


