
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছোড়ার ঘটনায় তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির পাল্টা জবাব ও দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বাহিনীটি। মঙ্গলবার (১৯ মে) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ গুলি ছোড়ে। এ সময় বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ফায়ার করে। বাহিনীর দৃঢ় ও পেশাদার পদক্ষেপের ফলে সীমান্ত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
বিজিবি জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে।
ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজিবি বলছে, সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রয়েছে।
এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং সীমান্ত এলাকায় অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক ও সচেতন করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।


