
নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগী শিশুটির পরিবার। তাদের ভাষ্য, দীর্ঘ প্রতীক্ষার পর তাঁরা ন্যায়বিচার পেয়েছেন।
রায় ঘোষণার পর শিশুটির মা বলেন, আদালতের সিদ্ধান্তে তিনি ও তাঁর পরিবার অত্যন্ত সন্তুষ্ট। এত দিন ধরে যে বিচারের আশায় অপেক্ষা করেছেন, আজ সেই বিচার পেয়েছেন। মামলার বিচারক, আইনজীবী ও বিচারপ্রক্রিয়ায় সহযোগিতাকারী গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
ভুক্তভোগীর মা জানান, বিচারপ্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে আসামিপক্ষ সম্পত্তি দেওয়ার প্রলোভন দেখিয়ে মামলা আপসের চেষ্টা করেছিল। এমনকি ১২ শতাংশ জমি দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে বিচারক সেই প্রস্তাব নাকচ করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর শিশুটিকে মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয়ে শিশুটি ঘটনাটি গোপন রাখে। একপর্যায়ে সে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়।
পরে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের মাধ্যমে জানা যায়, শিশুটি অন্তঃসত্ত্বা। এ ঘটনায় ২৩ এপ্রিল তার মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। র্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে প্রধান অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়।
মামলার বিচারপ্রক্রিয়া চলার মধ্যে ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয় শিশুটি। পরে আদালতের নির্দেশে সিআইডি নবজাতক ও অভিযুক্ত শিক্ষকের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠায়। পরীক্ষার প্রতিবেদনে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএর মিল ৯৯ দশমিক ৯৯ শতাংশ পাওয়া যায়।
ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ তদন্তের তথ্য-প্রমাণের ভিত্তিতে মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তাঁর ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তাঁদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়।


