সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শিশু শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার ‘বডি ম্যাসাজ’, প্রধান শিক্ষকসহ ৩ জনকে শোকজ | চ্যানেল খুলনা

শিশু শিক্ষার্থীকে দিয়ে শিক্ষিকার ‘বডি ম্যাসাজ’, প্রধান শিক্ষকসহ ৩ জনকে শোকজ

নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চ্যালানী ইউনিয়নের চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিশু শিক্ষার্থীকে দিয়ে সহকারী শিক্ষিকার শরীর ম্যাসাজ (মালিশ) করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিষয়টি আমলে নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে। একইসঙ্গে উপজেলা প্রশাসন ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের অফিস কক্ষে সহকারী শিক্ষিকা কাজলী আক্তার একটি বিছানায় শুয়ে আছেন। এ সময় এক শিশু শিক্ষার্থী তার শরীর ম্যাসাজ করে দিচ্ছে। একই কক্ষে উপস্থিত অপর দুই সহকারী শিক্ষিকা, ওয়াহিদা জান্নাত মুনমুন ও মনি আক্তার, চেয়ারে বসে ছিলেন। তাদের একজন মোবাইল ফোন ব্যবহার করছিলেন, অপরজন গল্পে ব্যস্ত ছিলেন।

ভিডিওতে বিদ্যালয় প্রাঙ্গণের অপরিচ্ছন্ন পরিবেশও দেখা যায়। বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনার পাশাপাশি বিদ্যালয়ের প্রবেশমুখে কয়েকটি ছাগল চারণ করতে দেখা যায়। এ নিয়ে স্থানীয়দের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল হওয়া উচিত।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও নেটিজেনরা। তাদের ভাষ্য, যেখানে বিদ্যালয় শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার স্থান, সেখানে একজন শিক্ষার্থীকে দিয়ে এ ধরনের ব্যক্তিগত কাজ করানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। মো. বাবুর শিকদার নামে এক ব্যক্তি মন্তব্য করেন, ‘কী দারুণ বিদ্যাপীঠ! এসব শিক্ষক দিয়ে জাতি কী আশা করতে পারে?’

মো. রাসেল মিয়া লিখেছেন, ‘এদের আইনের আওতায় আনা উচিত।’ অপর এক ব্যবহারকারী সাইফুল ইসলাম ব্যঙ্গ করে মন্তব্য করেন, ‘এখানে বডি ম্যাসাজের প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়া হচ্ছে এবং কীভাবে তা করতে বা করাতে হয়, তার প্রাথমিক ধারণা দেওয়া হচ্ছে।’

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামিয়ার রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ক্ষুদে বার্তা পাঠিয়েও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায় বলেন, ভিডিওটি নজরে আসার পর প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে বিধি অনুযায়ী সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমাদের নজরে এসেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। অভিযোগের সত্যতা যাচাই করে বিধি অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা

ঠাকুরগাঁওয়ে জোর করে মেয়েকে তুলে নিয়ে বিয়ে ও চাঁদা দাবি, অপমানে বাবার আত্মহত্যা

কালো ব্যাগ মাথায় পরিয়ে হাত-পা বেঁধে জামায়াত নেতাকে মারধরের অভিযোগ

সেনা অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, কেএনএফের সক্রিয় সদস্য আটক

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

পাবনায় ৩ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করলো প্রশাসন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।