
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক সন্ত্রাসবিরোধী অভিযানে গত ৭২ ঘণ্টায় অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) নিহতদের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছে।
শুক্রবার আইএসপিআর জানায়, মাস্তুং, কোয়েটা, কালাত ও সিবি জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সর্বশেষ ৪৮ ঘণ্টায় নিহত হয়েছেন ৩৬ জন। এর মধ্যে কোয়েটার শাবান এলাকায় সংঘর্ষে ২৬ জন, মাস্তুংয়ে ৬ জন, কালাতে ২ জন এবং সিবিতে ২ জন নিহত হন।
এর আগে বুধবার কালাত জেলায় পৃথক অভিযানে আরও ১২ জন নিহত হন। নিরাপত্তা বাহিনীর দাবি, অভিযানে বিপুল অস্ত্র, গোলাবারুদ ও আইইডি উদ্ধার ও ধ্বংস করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি ও নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে পাকিস্তানে সহিংসতার প্রধান কেন্দ্র হয়ে উঠেছে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান। দেশজুড়ে সহিংসতায় নিহতদের প্রায় ৯৬ শতাংশই এই দুই প্রদেশের ঘটনায় প্রাণ হারিয়েছেন।


