
পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের শিশুপুত্রকে এক লাখ টাকায় অন্যের কাছে লিখে দিয়ে সেই টাকা দিয়ে আইফোন কেনার অভিযোগে মো. মারুফ মুন্সিকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরিবারের অভিযোগ, শনিবার সকালে বাজারে ঘুরতে যাওয়ার কথা বলে মারুফ শিশুটিকে নিয়ে বের হন। পরে তিনি ফোনে শিশুটিকে এক লাখ টাকায় ইমরান হোসেনের কাছে লিখিতভাবে দেওয়ার কথা স্বীকার করেন। ওই টাকা দিয়ে ঢাকায় গিয়ে আইফোন কেনেন বলেও অভিযোগ রয়েছে।
দশমিনা থানার ওসি মো. আতিকুল ইসলাম জানান, মারুফ সন্তানকে অন্যের কাছে লিখে দিয়ে টাকা নিয়ে আইফোন কেনার কথা স্বীকার করেছেন। পরে শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, মারুফকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি শিশুটির নামে ব্যাংক হিসাব খুলে আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে।


