
দেশের বাজারে টানা তিন দফায় ভরিতে ৪ হাজার ৭২৪ টাকা বেড়েছে স্বর্ণের দাম। সর্বশেষ শনিবার (২৮ নভেম্বর) ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে শুক্রবার ভরিতে ১ হাজার ৫০ টাকা এবং বৃহস্পতিবার একই পরিমাণ দাম বাড়ানো হয়। তার আগের দিন বুধবার ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমানো হয়েছিল।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
সর্বশেষ দাম বাড়ানোর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।
দাম সমন্বয়ের কারণ হিসেবে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বাজুসের নির্দেশনা অনুযায়ী, স্বর্ণালংকার বিক্রির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এ দুই ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।
এদিকে দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৯২৫ টাকায় বিক্রি হচ্ছে।


