সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ব্যাংক খাতে এক বছরে আমানত বেড়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা | চ্যানেল খুলনা

ব্যাংক খাতে এক বছরে আমানত বেড়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা

দেশের ব্যাংক খাতে আমানত বৃদ্ধির গতি বেড়েছে। গত এক বছরে ব্যাংকগুলোতে আমানত বেড়েছে ১২ দশমিক ৯৪ শতাংশ, যার পরিমাণ প্রায় ২ লাখ ৪৮ হাজার কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার উদ্যোগ এবং সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানত ফেরত দেওয়ার কার্যক্রমের মধ্যে এই প্রবৃদ্ধিকে গ্রাহকদের আস্থা ফেরার ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে সব ব্যাংকে আমানত বৃদ্ধির হার সমান নয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানত দাঁড়িয়েছে ২১ লাখ ৬২ হাজার ৫২৮ কোটি ৬০ লাখ টাকা। গত বছরের একই সময়ে তা ছিল ১৯ লাখ ১৪ হাজার ৭৪৪ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ এক বছরে আমানত বেড়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৮৪ কোটি ১০ লাখ টাকা। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে আমানত বেড়েছে ৩০ হাজার ৭ কোটি ৩০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগে ব্যাংক খাতে মানুষের আস্থা ফিরতে শুরু করেছে। সমস্যাগ্রস্ত কয়েকটি ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দিতে শুরু করায় ইতিবাচক প্রভাব পড়েছে। ব্যাংক খাতে সুশাসন ও স্থিতিশীলতা ফেরাতে সংস্কার কার্যক্রম চলছে। এরই মধ্যে ১৫টি ব্যাংকের সম্পদের গুণগত মান পর্যালোচনা শেষ হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় অন্য ব্যাংকগুলোর মূল্যায়নও চলছে।

ঋণের চেয়ে বিনিয়োগ বেড়েছে বেশি

আমানত বাড়লেও ব্যাংকগুলোর ঋণ বিতরণে প্রবৃদ্ধি তুলনামূলক কম। সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৪৪ কোটি ৩০ লাখ টাকা। এক বছরে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৬ শতাংশ।

অন্যদিকে সরকারি সিকিউরিটিজ ও অন্যান্য আর্থিক উপকরণে ব্যাংকগুলোর বিনিয়োগ এক বছরে ৩১ দশমিক ৩১ শতাংশ বেড়ে ৭ লাখ ৬৭ হাজার ৭৩১ কোটি টাকায় দাঁড়িয়েছে।

ভালো ব্যাংকে বাড়ছে আমানত

২০২৫ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্র্যাক ব্যাংকের আমানত ১৬ শতাংশ বেড়ে ১ লাখ ৩ হাজার ৯১ কোটি টাকা ছাড়িয়েছে। একই সময়ে সিটি ব্যাংকের আমানত বেড়েছে ২২ দশমিক ৬ শতাংশ, দাঁড়িয়েছে ৭৭ হাজার ৪১২ কোটি টাকা। ব্যাংক এশিয়ার আমানত প্রথম নয় মাসে ১৯ শতাংশ বেড়ে হয়েছে ৫৩ হাজার ৩০৮ কোটি টাকা।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, এক বছরে ব্যাংক খাতে প্রায় ১৩ শতাংশ আমানত বৃদ্ধি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের উৎসাহব্যঞ্জক লক্ষণ। তবে গ্রাহকরা এখন তুলনামূলক ভালো সুশাসন ও আর্থিক ভিত্তিসম্পন্ন ব্যাংককে বেশি গুরুত্ব দিচ্ছেন।

তিনি বলেন, আমানতকারীদের পূর্ণ আস্থা ফেরাতে সুশাসন, সম্পদের গুণগত মান ও আর্থিক শৃঙ্খলার ধারাবাহিক উন্নতি জরুরি।

আস্থা ফেরাতে প্রয়োজন সুশাসন

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, আমানত বাড়ার পাশাপাশি গ্রাহকরা যেন প্রয়োজনের সময় অর্থ তুলতে পারেন, মেয়াদি আমানতের টাকা ফেরত পান এবং চেক ও এটিএম সেবা স্বাভাবিক থাকে, তা নিশ্চিত করতে হবে।

এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, শুধু তারল্য সহায়তা দিয়ে ব্যাংক খাতে আস্থা ফেরানো সম্ভব নয়। করপোরেট সুশাসন, স্বচ্ছ আর্থিক প্রতিবেদন, ঋণ আদায়, পর্যাপ্ত মূলধন সংরক্ষণ এবং অনিয়মের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

বিশ্লেষকদের মতে, আমানত বৃদ্ধির ধারা ধরে রাখার পাশাপাশি উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো প্রয়োজন। এতে বেসরকারি বিনিয়োগ, শিল্পের সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংক খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

অর্থনীতি আরও সংবাদ

উপকূলীয় জনগোষ্ঠীর জন্য ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

২২ ক্যারেটের স্বর্ণের ভরি এখন ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা

আইএমএফের ঋণ কর্মসূচি থেকে সরে আসছে না সরকার: অর্থমন্ত্রী

রমজানে ৪০ লাখ মানুষের জন্য সাশ্রয়ী পণ্য বিক্রির পরিকল্পনা টিসিবির

রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা

ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমার পর স্বর্ণের বর্তমান দাম কত?

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।