
উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। এ অর্থ দিয়ে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা ও জীবিকাকে আরও টেকসই করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে তাদের সুরক্ষায় কাজ করা হবে।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
মন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা টেকসই করা এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় বিশ্বব্যাংক ২০০ মিলিয়ন ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এ অর্থ উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে তাদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে রাজধানীর বস্তিবাসী ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে একটি বা দুটি বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
ঢাকার বস্তিবাসীর জীবনমান উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে আবদুল মঈন খান বলেন, রাজধানীতে জনসংখ্যার চাপ অনেক বেশি। ধারণা করা হয়, বর্তমানে দুই থেকে তিন কোটি মানুষ ঢাকা শহরে বসবাস করছেন। এ অবস্থায় শহরকে আরও বাসযোগ্য ও মানুষের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ করে গড়ে তোলার বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে। সংস্থাটি এ উদ্যোগে পূর্ণ সহযোগিতা দিতে সম্মত হয়েছে।
বৈঠকে বাংলাদেশের চলমান উন্নয়ন প্রকল্পগুলো নিয়েও বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংক উল্লেখযোগ্য সহায়তা দিয়ে আসছে। অন্যান্য দেশের কাছ থেকে দ্বিপক্ষীয় ভিত্তিতে ঋণ নেওয়ার তুলনায় বিশ্বব্যাংকের অর্থায়নে সুদের হার কম। এ কারণে বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের মধ্যে সংস্থাটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।


