সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
রমজানে ৪০ লাখ মানুষের জন্য সাশ্রয়ী পণ্য বিক্রির পরিকল্পনা টিসিবির | চ্যানেল খুলনা

রমজানে ৪০ লাখ মানুষের জন্য সাশ্রয়ী পণ্য বিক্রির পরিকল্পনা টিসিবির

আসন্ন পবিত্র রমজানে সারা দেশে ৫২০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা নিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গত রমজানে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হলেও এবার এ সংখ্যা ৭০টি বাড়ানো হচ্ছে। এতে সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ পাবেন আরও ছয় লাখ মানুষ।

টিসিবির পরিকল্পনা অনুযায়ী, এবার উপকারভোগীর সংখ্যা ৩৪ লাখ থেকে বাড়িয়ে ৪০ লাখ করা হবে। পাশাপাশি বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি অতিরিক্ত আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। স্মার্ট কার্ডধারীদের পাশাপাশি কার্ডবিহীন সাধারণ ভোক্তাদের জন্যও খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) পরিকল্পনা রয়েছে।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানান, রমজানে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সংস্থাটির নিজস্ব ক্রয় পরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে। নিয়মিত পণ্য সরবরাহে কোনো সমস্যা হবে বলে তিনি মনে করেন না।

তিনি বলেন, স্মার্ট কার্ডের মাধ্যমে নিয়মিত পণ্য বিতরণের পাশাপাশি আরও বেশি মানুষের কাছে সাশ্রয়ী দামে পণ্য পৌঁছে দিতে অতিরিক্ত বিক্রির বিষয়টি বিবেচনা করছে সরকার। এ লক্ষ্যে ভোজ্যতেল, ডাল ও চিনি আমদানির জন্য বিদেশি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিছু পণ্যের জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে।

টিসিবির চেয়ারম্যান আরও জানান, অতিরিক্ত আমদানির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির পরিসরও বাড়ানো হবে।

রমজানে পণ্য আমদানির বড় প্রস্তুতি

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে টিসিবি একটি ক্রয় পরিকল্পনা তৈরি করেছে। এর আওতায় স্থানীয় ও আন্তর্জাতিক উৎস থেকে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুরের আমদানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে।

এ সময়ে দেশে ভোজ্যতেল আমদানি হয়েছে ৮ লাখ ২৩ হাজার টন। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭ লাখ ৫ হাজার টন। ভোজ্যতেল আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলা হয়েছে ৮ লাখ ৫ হাজার টনের, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৩১ হাজার টন বেশি। একই সময়ে সয়াবিন বীজ আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১ হাজার টনে। আগের বছরের তুলনায় তা ১ লাখ ১৩ হাজার টন বেশি।

চিনি আমদানি হয়েছে ৬ লাখ ৮৭ হাজার টন, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১ লাখ ৫৩ হাজার টন বেশি। এ সময়ে চিনির জন্য এলসি খোলা হয়েছে ৮ লাখ ১০ হাজার টনের।

রমজানে ইফতারের অন্যতম উপকরণ ছোলার আমদানিও বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রায় চার মাসে ছোলা আমদানি হয়েছে ৮২ হাজার টন। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল মাত্র ১২ হাজার টন। এ সময়ে ছোলার জন্য এলসি খোলা হয়েছে ১ লাখ ৩৮ হাজার টনের।

এ ছাড়া মসুর ডাল আমদানি হয়েছে ১ লাখ ২২ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৪ হাজার টন বেশি। এ পণ্যের জন্য এলসি খোলা হয়েছে ১ লাখ ১৪ হাজার টনের। অন্যদিকে, খেজুর আমদানি বেড়ে ১১ হাজার টনে দাঁড়িয়েছে। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪ হাজার টন।

টিসিবির ট্রাকের সংখ্যা ও উপকারভোগী বাড়ানোর পরিকল্পনা, অতিরিক্ত পণ্য আমদানির প্রস্তুতি এবং বাজারে আমদানি বৃদ্ধির তথ্য আসন্ন রমজানে সরবরাহ স্বাভাবিক রাখার ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। তবে পরিকল্পনা অনুযায়ী পণ্য সংগ্রহ ও সময়মতো বিতরণ নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

অর্থনীতি আরও সংবাদ

রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা

ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমার পর স্বর্ণের বর্তমান দাম কত?

জুলাইয়ে চালু হচ্ছে আইআইপিএস, এক নেটওয়ার্কে যুক্ত হবে সব আর্থিক প্রতিষ্ঠান

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বেড়ে স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা

জাপানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশের গুরুত্বারোপ

চার দফা কমার পর সোনার দাম বাড়ল, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।