সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
জেআইসিতে গুম-নির্যাতন মামলায় আযমীর অবশিষ্ট জেরা আজ | চ্যানেল খুলনা

জেআইসিতে গুম-নির্যাতন মামলায় আযমীর অবশিষ্ট জেরা আজ

জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম-নির্যাতনের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীর অবশিষ্ট জেরা আজ। মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ জেরা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিন তিন আসামির পক্ষে নিজের জেরা শেষ করতে পারেন আইনজীবী আজিজুর রহমান দুলু। এরপর অন্য আসামিদের পক্ষে জেরা শুরু হবে গত ১৩ এপ্রিল দিনভর চলাকালীন জেরায় প্রশ্নের মাধ্যমে আযমীর কাছে বিভিন্ন জবাব বের করার চেষ্টা করেন দুলু। এর মধ্যে কীভাবে গুম হয়েছিলেন, কোথায়-কী ধরনের কক্ষে রাখা হয়েছিল, সেনাবাহিনী থেকে কোনো ক্ষতিপূরণ পেয়েছিলেন কিনা; এসব বিষয়ে প্রশ্ন করা হয়। একপর্যায়ে গুমের ঘটনায় মোটা অঙ্কের ক্ষতিপূরণ পেয়েছেন বলেও দাবি করা হয়। তবে জবাবে এ বাবদ কোনো টাকা পাননি বলে জানিয়েছেন আযমী।ওই দিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্যরা। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ১৩ জন।

এর মধ্যে গ্রেপ্তার হয়ে ঢাকার সেনানিবাসের সাব-জেলে রয়েছেন তিন সেনা কর্মকর্তা। তারা হলেন- ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। এই তিনজনের পক্ষেই লড়ছেন আজিজুর রহমান দুলু। পলাতক ১০ আসামির পাঁচজনই ডিজিএফআইয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তারা হলেন- লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল (অব.) হামিদুল হক। অন্যরা হলেন- শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক। গুমের এ মামলায় তিন নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন আযমী। টানা দুদিনের জবানবন্দি সম্পন্ন হয় গত ২ ফেব্রুয়ারি। গুমজীবনের প্রায় আট বছরের বীভৎস বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি। গত বছরের ১৮ ডিসেম্বর শেখ হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। প্রসিকিউশনের দেওয়া অভিযোগ আমলে নেওয়া হয় ৮ অক্টোবর।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

জেআইসিতে গুম-নির্যাতন মামলায় আযমীর অবশিষ্ট জেরা আজ

খালিশপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ দুইজন আটক

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ

শিবিরের দুই নেতাকে গুলি : ৮ আসামির বিচার শুরু হবে কিনা আদেশ আজ

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।