
খুলনার বটিয়াঘাটা থেকে একাধিক হত্যা মামলার অভিযুক্ত অনুপম মহলদারকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার হাটবাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অনুপম ওই এলাকার নিভান মহলদারের ছেলে।
পুলিশ জানায়, সম্প্রতি বটিয়াঘাটা থানায় দায়ের করা একটি হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অনুপমকে গ্রেপ্তার করা হয়েছে। নগর ও জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, অনুপমের বিরুদ্ধে ২০১৯ সালে খুলনা থানায় দায়ের করা চাঞ্চল্যকর হাবিবুর রহমান সবুজ হত্যা মামলাতেও সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ওই যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। সেই অভিযোগপত্রে অনুপমের নাম ছিল।
এ ছাড়া ২০১৩ সালে খালিশপুর থানা এবং ২০১৪ সালে ফুলতলা থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলার অভিযোগপত্রেও তার নাম রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ২০০৯ সালে বটিয়াঘাটা থানায় দায়ের করা একটি চুরি মামলায় তার তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছিল বলেও জানা গেছে।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, অনুপম মহলদারের বিরুদ্ধে নগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে খুলনার সন্ত্রাসী ‘বি কোম্পানি’র সহযোগীদেরও গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


