
বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া কয়েকটি দেশের শীর্ষ নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন দিক তুলে ধরেন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
তিনি জানান, তুরস্কের প্রেসিডেন্টের পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিশ্চিত হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।
এরদোয়ানের সঙ্গে সম্ভাব্য বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানান পররাষ্ট্রসচিব। সামরিক ও অর্থনৈতিক খাতে বিনিয়োগ এবং ড্রোন কারখানা স্থাপনের মতো বিষয়গুলো সামরিক সহযোগিতার আওতাভুক্ত উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হতে পারে।
তুরস্কের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের এভিয়েশন ও গ্রাউন্ড হ্যান্ডলিং খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন নোমান বলেন, এটি কোনো দ্বিপক্ষীয় সফর নয়; বরং সৌজন্য সাক্ষাৎ। সেখানে বিভিন্ন সাধারণ ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
সংবাদ সম্মেলনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য উন্নত রাষ্ট্রগুলোর অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রসচিব। তিনি বলেন, অতীতে উন্নত দেশগুলো বাংলাদেশকে অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে যৌথ প্রচেষ্টার পাশাপাশি ক্ষতিপূরণের দাবিও জোরালোভাবে তুলে ধরছে বাংলাদেশ।
উল্লেখ্য, কপ-৩১ সম্মেলনে অংশ নিতে ১০ থেকে ১২ নভেম্বর সরকারি সফরে তুরস্কে অবস্থান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


