
খুলনা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৯ দিনে ২৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) খুলনার পুলিশ সুপার সরদার ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া অভিযানে ৭০৩ পিস ইয়াবা, ২ কেজি ৫ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
অন্যদিকে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও ট্রাফিক আইন বাস্তবায়নে একই সময়ে ট্রাফিক চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে জেলা পুলিশ। এতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৩২০টি মামলা করা হয়েছে এবং ২০৬টি মোটরযান আটক করা হয়েছে।
খুলনা জেলা পুলিশ জানায়, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।


