
খুলনা নগরীর শিরোমনি এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি ভবন ও খুলনা এসেনশিয়াল ল্যাটেক্স প্ল্যান্ট লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (২৯ নভেম্বর) ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে গ্রামীণ ব্যাংকের ভবনের কাচ ভেঙে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকায় গ্রামীণ ব্যাংকের ভবন লক্ষ্য করে পেট্রোলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। একই এলাকায় খুলনা এসেনশিয়াল ল্যাটেক্স প্ল্যান্টের সীমানাপ্রাচীর লক্ষ্য করেও পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, ভোররাত ৩টার দিকে গ্রামীণ ব্যাংকের ভবন লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এতে ভবনটির কাচ ভেঙে গেছে।
এদিকে নগরীর সাচিবুনিয়া এলাকায় মোংলা-বেনাপোল রেললাইনে অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সেখানে আগুন দেওয়ার কোনো আলামত পায়নি।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, রেললাইনে আগুন দেওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে অগ্নিসংযোগের কোনো আলামত পাওয়া যায়নি।


