
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বুধবার ইরানি প্রেসিডেন্টের নিউইয়র্ক সফরের প্রথম দিনে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ও বাংলাদেশি বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বৈঠকের তথ্য জানানো হয়েছে। বৈঠকে পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাবে বাংলাদেশের প্রবাসী কর্মী, রেমিট্যান্স, নৌপরিবহন ও জ্বালানি নিরাপত্তার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘকে একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করে। পশ্চিম এশিয়ায় থাকা প্রায় ৮০ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মীর বিষয়টি নিয়ে বৈঠকে উদ্বেগ জানানো হয়েছে।
হুমায়ুন কবির বলেন, সংঘাত শান্তিপূর্ণ সমাধানের দিকে না এগোলে বাংলাদেশের প্রবাসী কর্মী ও রেমিট্যান্সের ওপর প্রভাব পড়তে পারে। বিষয়টি বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের বলেও উল্লেখ করেন তিনি।
সংঘাতের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় কয়েকটি বাংলাদেশি কনটেইনার জাহাজ আটকে থাকার বিষয়টিও ইরানের প্রেসিডেন্টের কাছে তুলে ধরা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ দ্রুত এ সমস্যার সমাধান এবং কূটনৈতিক উপায়ে যুদ্ধের অবসান চায়।
হুমায়ুন কবিরের ভাষ্য, সংঘাতের অবসান হলে আটকে থাকা বাংলাদেশি জাহাজগুলো যাতে নিরাপদে দেশে ফিরতে পারে, সে বিষয়ে ইরান প্রয়োজনীয় পদক্ষেপ নেবে—এমন সহযোগিতা চাওয়া হয়েছে।
জ্বালানি সংকটের আশঙ্কার কথাও বৈঠকে তুলে ধরা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশকে জ্বালানি সংকটের দিকে ঠেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় প্রতিনিধিদল উদ্বেগ প্রকাশ করেছে। পেজেশকিয়ান বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং ইরানের কর্মকর্তারা উত্থাপিত বিষয়গুলো নোট করে নিয়েছেন বলে জানান তিনি।
হুমায়ুন কবির আরও বলেন, পশ্চিম এশিয়ার অন্যান্য অংশীদারও বাংলাদেশের নিরপেক্ষ অবস্থানের কারণে দেশটিকে এ বিষয়ে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে। তারেক রহমান সেই দায়িত্ব নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ‘সফট মিডিয়াম ইনফ্লুয়েন্স’ বা নরম মধ্যস্থতাকারী প্রভাব হিসেবে ভূমিকা রাখার চেষ্টা করছে। জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে নেওয়া সেই উদ্যোগের অংশ হিসেবেই ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়েছে বলে জানান তিনি।
বৈঠকে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন উপস্থিত ছিলেন।
তারেক রহমান, মাসুদ পেজেশকিয়ান, ইরানের প্রেসিডেন্ট, বাংলাদেশ-ইরান, নিউইয়র্ক বৈঠক, জাতিসংঘ সাধারণ পরিষদ, হুমায়ুন কবির, প্রবাসী কর্মী, রেমিট্যান্স, হরমুজ প্রণালি, জ্বালানি নিরাপত্তা, বাংলাদেশি জাহাজ
জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে প্রবাসী, রেমিট্যান্স, আটকে থাকা জাহাজ ও জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে।


