
খুলনার রায়ের মহল এলাকায় অভিযান চালিয়ে টাইগার গ্রুপের সক্রিয় সদস্য ও অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত রবিউল ইসলামকে (৩৬) একটি বিদেশি রিভলবারসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানি।
রোববার (২৬ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরের হরিণটানা থানার রায়ের মহল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল।
অভিযানে গ্রেপ্তার হন মো. রবিউল ইসলাম (৩৬)। তিনি শেখ লাল মিয়ার ছেলে। তাঁর বাড়ি রায়ের মহল এলাকায় এবং আড়ংঘাটা থানার বাসিন্দা।
র্যাব জানায়, অভিযান চলাকালে রবিউলের বসতঘরে তল্লাশি চালিয়ে তাঁর দেখিয়ে দেওয়া স্থান থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রটি উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
র্যাবের দাবি, গ্রেপ্তার রবিউলের অপরাধসংক্রান্ত রেকর্ড (পিসি-পি আর) পর্যালোচনায় খুলনা মহানগরের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ মোট ১৬টি মামলা রয়েছে।
র্যাব-৬ জানায়, গ্রেপ্তার রবিউলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাকে উদ্ধার হওয়া আলামতসহ খুলনা মহানগর পুলিশের হরিণটানা থানায় হস্তান্তর করা হবে।
র্যাব আরও জানিয়েছে, সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী, মাদক কারবারি, পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।


