
খুলনায় মহানগর তাঁতিদলের নেতা হুমায়ুন কবির হত্যা মামলার ৩ নম্বর আসামি ফায়েক শেখকে (৪৩) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে রাজধানীর পল্লবী থানার সেকশন-১২ এলাকার ব্লক-ইতে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ফায়েক শেখ খুলনার খালিশপুর থানার রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার শেখ ইদ্রিস আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হুমায়ুন কবির মহানগর তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ১ নভেম্বর সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান হিল ক্যান্টিনে বসে ছিলেন তিনি। এ সময় পূর্বশত্রুতার জের ধরে ফায়েক শেখসহ কয়েকজন ধারালো চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হন হুমায়ুন কবির।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে সৈয়দ নূর আমিন বাদী হয়ে খুলনার আড়ংঘাটা থানায় ফায়েক শেখসহ অন্য আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
এসআরবি জানিয়েছে, গ্রেপ্তার ফায়েক শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হবে।


