
অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড। সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখার নীতির ক্ষুদ্র অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য যৌথভাবে তাদের এ সম্মাননা দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস তাদের নাম ঘোষণা করে। সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক সভেরিজেস রিক্সব্যাংকের অর্থায়নে আলফ্রেড নোবেলের স্মরণে অর্থনীতিবিজ্ঞানে এ পুরস্কার দেওয়া হয়।
১৯৪৩ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে জন্মগ্রহণ করেন রবার্ট ই হল। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ইমেরিটাস অধ্যাপক এবং হুভার ইনস্টিটিউশনের জ্যেষ্ঠ গবেষক।
অন্যদিকে, ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের চিকোপিতে জন্ম নেওয়া মাইকেল উডফোর্ড নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক অর্থনীতির অধ্যাপক।
পুরস্কার ঘোষণায় বলা হয়, অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতিকে আরও কার্যকর করতে অর্থনৈতিক মডেল কীভাবে তৈরি করা যায়, তা নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন এ দুই অর্থনীতিবিদ। মূল্যস্ফীতি, উৎপাদন ও ভোগের মতো সামষ্টিক অর্থনৈতিক সূচকের পরিসংখ্যানগত সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক মডেল তৈরিতে ক্ষুদ্র অর্থনৈতিক বিশ্লেষণের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
তাদের গবেষণায় ব্যাখ্যা করা হয়েছে, ব্যক্তি, পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের সিদ্ধান্ত কীভাবে সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করে। ফলে অর্থনৈতিক নীতি নির্ধারণে শুধু মূল্যস্ফীতি, উৎপাদন কিংবা ভোগের সামগ্রিক পরিসংখ্যান নয়, এসব সূচকের পেছনে থাকা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও বিবেচনায় নেওয়ার গুরুত্ব উঠে এসেছে।
এর আগে ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। প্রযুক্তিগত অগ্রগতি ও সৃজনশীল ধ্বংসের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাখ্যায় অবদানের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।


