
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি অবৈধ স্বর্ণের খনিতে ভারী বৃষ্টির পানি ঢুকে ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন। বুধবার (২৫ নভেম্বর) পুলিশ ও উদ্ধারকারী কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
রাজধানী জাকার্তার দক্ষিণে বোগর অঞ্চলে অবস্থিত ওই খনিতে গত সোমবার (২৩ নভেম্বর) ২৬ জন শ্রমিক প্রবেশ করেন। এ সময় ভারী বৃষ্টির পানি খনির সুড়ঙ্গে ঢুকে পড়লে তাঁরা প্রায় ১০০ মিটার গভীরে আটকা পড়েন।
পশ্চিম জাভার পুলিশপ্রধান হেংকি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নিহত ১৩ জনের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বৃহস্পতিবারও উদ্ধার অভিযান চালানো হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, খনির সুড়ঙ্গটি সরু, পিচ্ছিল ও অন্ধকার হওয়ায় উদ্ধারকাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মীরা খনির দুটি সুড়ঙ্গে তল্লাশি চালাচ্ছেন। সেখানে পৌঁছাতে দড়ি ব্যবহার করা হচ্ছে। তবে প্রায় ১০০ মিটার গভীরতায় উদ্ধার অভিযান পরিচালনা করা বেশ জটিল হয়ে উঠেছে।
ইন্দোনেশিয়ার প্রত্যন্ত অঞ্চলে খনিজ সম্পদের উপস্থিতি থাকলেও এসব এলাকায় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ ও নজরদারি সীমিত। ফলে দেশটিতে ছোট পরিসরের অবৈধ খনিগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় সংবাদমাধ্যম ডেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতেও একই এলাকার একটি অবৈধ স্বর্ণের খনিতে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছিল।
এদিকে ওই অঞ্চলে স্বর্ণখনি পরিচালনাকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আন্তাম (এএনটিএম.জেকে) জানিয়েছে, দুর্ঘটনাটি একটি অননুমোদিত খনিতে ঘটেছে। এটি তাদের পরিচালিত কোনো কার্যক্রমের অংশ নয়।
সূত্র: রয়টার্স।


