
ইয়েমেনের হোদেইদা বন্দরে সৌদি আরব হামলা চালালে জেদ্দাসহ লোহিত সাগরের উপকূলে অবস্থিত সৌদি আরবের সব বন্দরে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে হুথি গোষ্ঠী। মঙ্গলবার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী।
বিবৃতিতে জেদ্দাসহ সৌদি আরবের অন্যান্য বন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের পাশাপাশি আশপাশের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিপিং কোম্পানিগুলোকে ওই বন্দরগুলো থেকে জাহাজ সরিয়ে নিতে বলেন।
এর আগে মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবন ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ারে (পিআইএফ টাওয়ার) ড্রোন হামলা চালায় হুথি গোষ্ঠী। এতে অন্তত ১১ জন আহত হন। গত ২০ নভেম্বরও ভবনটিতে হামলা চালিয়েছিল গোষ্ঠীটি।
সর্বশেষ হামলার কয়েক ঘণ্টা পর সৌদি-ইয়েমেন সামরিক জোট এক বিবৃতিতে জানায়, ইয়েমেনের সাদা ও আমরান প্রদেশে বেশ কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। একই বিবৃতিতে বলা হয়, নিকট ভবিষ্যতে ইয়েমেনের হোদেইদা বন্দরেও হামলা চালানো হতে পারে।
এর কয়েক ঘণ্টার মধ্যেই জেদ্দাসহ সৌদি আরবের অন্যান্য বন্দরে পাল্টা হামলার হুমকি দেন হুথি মুখপাত্র।
ইয়েমেনের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হোদেইদা
লোহিত সাগরের উপকূলে অবস্থিত হোদেইদা ইয়েমেনের প্রধান বন্দর। এ বন্দরের মাধ্যমে খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য হুথি-নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনে প্রবেশ করে। দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য আমদানির গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বন্দরটি।
আমদানিকৃত খাদ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ইয়েমেনের লাখ লাখ মানুষের জন্য হোদেইদা বন্দর গুরুত্বপূর্ণ জীবনরেখা হিসেবে কাজ করছে।
২০১৬ সাল থেকে সৌদি জোটের সঙ্গে হুথি বাহিনীর সংঘাত চলছে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষ যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছিল। তবে গত সেপ্টেম্বরে উভয় পক্ষই চুক্তির শর্ত লঙ্ঘন করে নিয়মিত একে অপরের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।
সূত্র: রয়টার্স


