
খুলনায় ২০২৭ সালের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর থেকে। খুলনা জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যু করা এবং খুলনা জেলায় বসবাসরত অন্য জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যু করা আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তি ও প্রতিষ্ঠান এ কার্যক্রমের আওতায় নবায়ন করতে পারবেন। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ডিলার, মেরামতকারী প্রতিষ্ঠান ও সেফ কিপিংয়ের লাইসেন্সও নবায়ন করা হবে।
আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০২৫ অনুযায়ী, নির্ধারিত ফি (ভ্যাট ও উৎস করসহ) ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে। চালানের মূল কপি, গোলাবারুদসহ লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র নিয়ে নির্ধারিত তারিখ, সময় ও স্থানে উপস্থিত হয়ে নবায়ন সম্পন্ন করতে হবে। আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ থানায় বা সেফ কিপিংয়ে জমা থাকলে সংশ্লিষ্ট রসিদ দেখাতে হবে।
নবায়নের আবেদনের সঙ্গে লাইসেন্সধারীর মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, মূল লাইসেন্স এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দেওয়া বাধ্যতামূলক। এ ছাড়া আগের বছরের নবায়নের আগে সব গোলাবারুদের হিসাব এবং থানায় করা জিডির কপি দিতে হবে। এসব তথ্য সঠিকভাবে জমা না দিলে লাইসেন্স নবায়ন করা হবে না।
উপজেলা ও থানাভিত্তিক নবায়নের সময়সূচি
গণবিজ্ঞপ্তি অনুযায়ী, কয়রা ও পাইকগাছা উপজেলার লাইসেন্সধারীরা ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লাইসেন্স নবায়ন করতে পারবেন।
অন্য উপজেলা ও থানার জন্য সময়সূচি হলো—
বটিয়াঘাটা ও দাকোপ উপজেলা: ৬ ডিসেম্বর
ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা: ৭ ডিসেম্বর
রূপসা ও তেরখাদা উপজেলা: ৮ ডিসেম্বর
খুলনা সদর ও লবণচরা থানা: ৯ ডিসেম্বর
সোনাডাঙ্গা ও খালিশপুর থানা: ১০ ডিসেম্বর
দৌলতপুর ও খানজাহান আলী থানা: ১৩ ডিসেম্বর
আড়ংঘাটা ও হরিণটানা থানা: ১৪ ডিসেম্বর
দিঘলিয়া উপজেলা: ২০ ডিসেম্বর
১ ডিসেম্বর পাইকগাছা উপজেলা ছাড়া বাকি সব এলাকার নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের ২২০ নম্বর কক্ষে জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে লাইসেন্স নবায়ন করা যাবে।
নির্ধারিত তারিখে নবায়ন করতে না পারা লাইসেন্সধারী এবং খুলনা জেলায় বসবাসরত অন্য জেলা ম্যাজিস্ট্রেসি থেকে লাইসেন্স পাওয়া ব্যক্তিরা ২১, ২২, ২৩, ২৪, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের ২২০ নম্বর কক্ষে লাইসেন্স নবায়ন করতে পারবেন।


