তরুণদের উদ্ভাবনী চিন্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি নির্মাণে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত ইউনেট এইগনাইট বিল্ডাথন ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২১ নভেম্বর রাজধানী ঢাকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক – ইউনেট আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাস্তব জীবনের সমস্যা সমাধানে এ.আই. চালিত ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে অংশগ্রহণ করেন। অনলাইন প্রাইমারি রাউন্ড শেষে নির্বাচিত সেরা ২০ জন প্রতিযোগী গ্র্যান্ড ফিনালেতে নিজেদের প্রকল্প বিচারকদের সামনে উপস্থাপন করেন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংক পিএলসি-এর এসইভিপি, তৌফিকুল আলম চৌধুরী, জাতিসংঘের মেশিন লার্নিং কনসাল্টেন্ট, তানসিফ আনজার, বিলারেট ল্যাব এর সিনিয়র সফটওয়ার ইঞ্জিনিয়ার মোঃ আরিফ হায়দার, ওস্তাদ এর কো-ফাউন্ডার ও সিটিও শরিফুল ইসলাম মুবিন, মিয়াকি-এর প্রডাক্ট ম্যানেজার এএসএম আসাদুজ্জামান এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই বিভাগের লেকচারার ও অ্যাসিস্ট্যান্ট প্রক্টর মোস্তফা কামাল সাগর।
অনুষ্ঠানে প্রতিযোগীদের জন্য ছিল বিশেষায়িত সেশন, ইন্টারঅ্যাকটিভ কুইজ এবং প্রযুক্তি ও ক্যারিয়ারবিষয়ক বিভিন্ন আয়োজন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এ.আই. এর ভবিষ্যৎ ও তরুণদের কর্মপরিকল্পনা নিয়ে একটি প্যানেল আলোচনা। এতে আলোচক হিসেবে অংশ নেন এনআরবি ব্যাংক পিএলসি-এর তৌফিকুল আলম চৌধুরী, মাক্রোসফট-এর জান্নাতুল ফেরদৌস পপি এবং জাতিসংঘের কর্মকতা তানসিফ আনজার। আলোচনাটি সঞ্চালনা করেন ইউনেট এর সহপ্রতিষ্ঠাতা ও সিইও, মুহাম্মাদ আলতামিশ নাবিল। আলোচনায় বিভিন্ন খাতে এ.আই. এর ব্যবহার, কর্মক্ষেত্রে পরিবর্তন, ভবিষ্যতের চাকরির বাজার এবং তরুণদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক উঠে আসে।
চূড়ান্ত মূল্যায়ন শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চ্যাম্পিয়ন হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সৌমিত্র সাহা (প্রকল্প: সেবাসাথী), প্রথম রানার-আপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাবিল হাসান জামি (প্রকল্প: যাচাই) এবং দ্বিতীয় রানার-আপ গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির এ কে এম ইশমাম তাহমিদ (প্রকল্প: ল্যাম্প)।
অর্থ পুরস্কারের সঙ্গে সেরা ২০ জন ফাইনালিস্টকে তাদের উদ্ভাবনী প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট অব এক্সসিলেন্স প্রদান করা হয়। এই আয়োজনের টাইটেল পার্টনার ওস্তাদ, স্ট্র্যাটেজিক পার্টনার এমএল বাংলাদেশ, ভেন্যু পার্টনার হিসেবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, আয়োজক সহযোগী হিসেবে পিইউইএসআইসি, কৌশলগত সহযোগী হিসেবে এমএল বাংলাদেশ এবং কমিউনিটি পার্টনার হিসেবে ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশনসহ আরও বেশ কয়েকটি সহযোগী প্রতিষ্ঠান যুক্ত ছিল। আয়োজক প্রতিষ্ঠান ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক – ইউনেট এর এই উদ্যোগের মূল লক্ষ্য শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যকার ব্যবধান কমিয়ে তরুণদের ভবিষ্যৎ-উপযোগী দক্ষতা অর্জন, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর সমাধান তৈরিতে উৎসাহিত করা।


