
ওমরাহ যাত্রীদের সৌদি আরবে যাতায়াতের বিমান টিকিট দেওয়ার কথা বলে ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকা আত্মসাতের অভিযোগে চক্রের মূল হোতা রবিউল হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।
পিবিআই জানায়, ২৪ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানার ফিনলে আবাসিক এলাকায় অভিযান চালিয়ে একটি ফ্ল্যাটের বাথরুমের ফলস সিলিংয়ের নিচে লুকিয়ে থাকা অবস্থায় রবিউলকে গ্রেপ্তার করা হয়। তিনি কর্ণফুলী এলাকার বাসিন্দা।
মামলার এজাহার অনুযায়ী, সোনারগাঁয়ের দৈলেরবাগ এলাকার রাহে কাবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী আল আমিনের সঙ্গে সৌদি এয়ারলাইনসের টিকিট সরবরাহের জন্য ছয় ব্যক্তি ২ কোটি ১০ লাখ টাকার চুক্তি করেন। ২০২৫ সালের ১৯ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কয়েক দফায় ডাচ্-বাংলা ব্যাংকের মাধ্যমে রবিউলের হিসাবে ১ কোটি ৯৫ লাখ ৮৭০ টাকা জমা দেন ভুক্তভোগী।
তবে চুক্তি অনুযায়ী টিকিট সরবরাহ করেনি চক্রটি। সৌদি এয়ারলাইনসের পরিবর্তে ইউএস-বাংলা এয়ারলাইনসের মাধ্যমে মাত্র ৯ জনের যাওয়া-আসার টিকিট এবং ৭০ জনের শুধু যাওয়ার টিকিট দেওয়া হয়। ফিরতি টিকিট না পাওয়ায় ওই ৭০ যাত্রীকে নিজ খরচে দেশে ফেরাতে আরও ৭১ লাখ ৮৭০ টাকা ব্যয় করতে হয়। এ ছাড়া বাকি ১৬৯টি টিকিট সরবরাহ করা হয়নি। সব মিলিয়ে পাওনা দাঁড়ায় ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকা।
তদন্তের দায়িত্ব পাওয়ার পর তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিউলের অবস্থান শনাক্ত করে পিবিআই। পরে তাঁকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে জিজ্ঞাসাবাদে রবিউলের নামে বিভিন্ন ব্যাংকের নয়টি হিসাবের তথ্য পাওয়া গেছে। এসব হিসাবের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা পাঠানোর তথ্যও মিলেছে। আত্মসাৎ করা অর্থ বিদেশে পাচার হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পিবিআই।
পিবিআইয়ের দাবি, রবিউলসহ চক্রের সদস্যরা ওমরাহ যাত্রীদের টিকিট দেওয়ার কথা বলে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। বিমান টিকিটের নামে অর্থ আত্মসাতের অভিযোগে রবিউলের বিরুদ্ধে চট্টগ্রামসহ বিভিন্ন জেলার আদালতে আরও আটটি মামলার তথ্য পাওয়া গেছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার ও আত্মসাৎ করা অর্থ উদ্ধারে তদন্ত চলছে।


