
খুলনার সরকারি ব্রজলাল (বিএল) বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই শিক্ষককে ক্যাম্পাস থেকে সরিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। ডিসেম্বরকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
ওএসডি হওয়া দুই শিক্ষক হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শামীম (পরিচিতি নম্বর ১২৯৮২) এবং সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশীদ (পরিচিতি নম্বর ১৬০৩৫)। তাঁদের মধ্যে ড. মো. শামীমের বাড়ি গোপালগঞ্জে। দুজনই মুক্তিযোদ্ধা কোটায় শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়েছিলেন বলে জানা গেছে।
ক্যাম্পাস ও সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পরও এই দুই শিক্ষক ক্যাম্পাসে নিজেদের রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠায় গোপনে তৎপর ছিলেন। আগামী ডিসেম্বরকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনায় তাঁরা যুক্ত ছিলেন বলেও অভিযোগ উঠেছে।
প্রজ্ঞাপনে তাঁদের আগের কর্মস্থল ‘ওএসডি, মাউশি অধিদপ্তর, ঢাকা (ইনসিটু: সরকারি ব্রজলাল কলেজ, খুলনা)’ উল্লেখ করা হয়েছে। নতুন আদেশে তাঁদের মাউশি অধিদপ্তর, ঢাকায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
আদেশ অনুযায়ী, দুই শিক্ষককে ২৩ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন বিকেল থেকে তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


